বাংলা হান্ট ডেস্ক: আচমকাই স্তব্ধ হয়ে গেল নেটমাধ্যম! ভারত সমেত বিশ্বের একাধিক দেশে ফেসবুক (Facebook-Instagram Down) ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মগুলি ডাউন হওয়ার অভিযোগ সামনে আনেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা ‘X’-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সমস্যার বিষয় উপস্থাপিত করেন।
আচমকাই ‘ডাউন’ ফেসবুক-ইনস্টাগ্রাম (Facebook-Instagram Down):
শুক্রবার সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন নেটিজেনেরা। কিছু কিছু ক্ষেত্রে পোস্ট করার সময়ে সমস্যা হওয়া ছাড়াও পোস্টের কমেন্ট উধাও হয়ে যাওয়ার বিষয়ও সামনে এসেছে। এর পাশাপাশি ‘টেকনিক্যাল প্রবলেম’-এর কারণে পোস্ট ক্লিক করলে ‘Page not found’ লেখাটিও দেখা গিয়েছে।

অর্থাৎ, সামগ্রিকভাবে বেশ কিছুক্ষণ ধরেই এই সমস্যা চলতে থাকে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা নাগাদ এই সমস্যা পরিলক্ষিত হয়। আউটএজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরে আচমকাই অভিযোগের ভিড় দেখা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সময়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছ থেকেই এই সমস্যা সংক্রান্ত অভিযোগ সামনে আসে।
আরও পড়ুন: হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি! বাতিল হবে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর? চিন্তা বাড়ছে BCCI-র
কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ফিড লোড হচ্ছে না। আবার অনেকে দাবি করেছেন, অ্যাপগুলিতে কনটেন্ট রিফ্রেশ করা যাচ্ছে না। কিছু ব্যবহারকারী আবার লগ-ইন সম্পর্কিত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও দাবি করেন।
সামগ্রিকভাবে, বিষয়টির পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা বিভ্রান্তির সম্মুখীন হন। এমনিতেই সন্ধ্যা নাগাদ ফেসবুক-ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের ভিড় পরিলক্ষিত হয়। সেই সময়ে এহেন সমস্যা ঘটায় বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টর অনুযায়ী জানা গিয়েছে, অল্প সময়ের ব্যবধানেই ফেসবুক সম্পর্কিত ১,০০,০০০-এরও বেশি অভিযোগ সামনে এসেছে। তবে, ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন হওয়ার ঘটনায় এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মেটার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।













