বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিনের মধ্যে পিএফের টাকা তোলার পরিকল্পনা থাকলে আগে এই খবর জেনে নিন। ইপিএফও (EPFO) তাদের অনলাইন পরিষেবায় বড়সড় আপগ্রেডের কাজ করতে চলেছে। সেই কারণে ৩ দিনের জন্য পিএফ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে। এর প্রভাব পড়বে UMANG অ্যাপের পরিষেবাতেও।
EPFO নিয়ে বড় আপডেট
ইপিএফও (EPFO) জানিয়েছে, সফটওয়্যার ও ডেটাবেস উন্নত করার কাজের জন্য ২৬ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কিছু অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ে গ্রাহকরা নতুন করে কোনও পিএফ ক্লেম জমা দিতে পারবেন না। শুধু তাই নয়, যাঁরা আগে থেকেই পিএফ তোলার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্লেমের নিষ্পত্তির কাজও কয়েক দিনের জন্য থেমে থাকবে। ফলে টাকা পেতে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে।
ইপিএফও (EPFO) জানিয়েছে, ২৯ জুন থেকে আবার সব পরিষেবা স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে। আপগ্রেডের পর পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, সরকারের UMANG অ্যাপের পরিষেবাও এই রক্ষণাবেক্ষণের কাজের কারণে প্রভাবিত হবে। ২ জুলাই পর্যন্ত অ্যাপটির মাধ্যমে পিএফ ব্যালেন্স দেখা, পিএফ ক্লেম করা, ইউএএন সংক্রান্ত কাজ এবং জীবন প্রমাণপত্রের মতো পরিষেবা ব্যবহার করতে সমস্যা হতে পারে।
তবে অনলাইন পরিষেবা বন্ধ থাকলেও পিএফ (EPFO) ব্যালেন্স জানার বিকল্প ব্যবস্থা থাকছে। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিলে এসএমএসে ব্যালেন্সের তথ্য পাওয়া যাবে। এছাড়া, রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN ENG’ লিখে এসএমএস পাঠিয়েও পিএফ ব্যালেন্স জানা যাবে।

আরও পড়ুনঃ কুণাল ঘোষের সভায় বিস্ফোরক মমতা, দলত্যাগীদের নিয়ে কড়া মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কী বললেন?
উল্লেখ্য, সম্প্রতি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফের (EPFO) সুদের হার ৮.২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই সেই সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে।













