১২ বছর পর মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয়! কি নিয়ে আলোচনা হল নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ বারো বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলাপতি বিজয়। তবে এবার আর অভিনেতা বা রাজনৈতিক নবাগত হিসেবে নয়, বরং দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি। বুধবার রাজধানীর সেবাতীর্থে প্রায় ২৫ মিনিট ধরে চলে মোদি-বিজয়ের বৈঠক। এই সাক্ষাতের পর থেকেই জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল বিজয়ের প্রথম দিল্লি সফর। ফলে স্বাভাবিকভাবেই তাঁর এই সফর ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়েছিল।

১২ বছর পর প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন মুখ্যমন্ত্রী বিজয়

সূত্রের খবর, বৈঠকে তামিলনাড়ুর উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিষয়টিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজরে আনেন বিজয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে বিজয় কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তাই দিতে চেয়েছেন। অন্যদিকে, নেদারল্যান্ডস থেকে চোল সাম্রাজ্যের ঐতিহাসিক তাম্রলিপি ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ঐতিহ্য ও সংস্কৃতির প্রশ্নে বিজয়ের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:বন্দে ভারত, বুলেট ট্রেনের পর এবার এয়ার ট্রেন! ভারতের প্রথম ড্রাইভারলেস ট্রেন চালু হতে চলেছে এই শহরে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজয় দিল্লির তামিলনাড়ু হাউসে পৌঁছন। সেখানে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয় এবং ‘গার্ড অফ অনার’-এর মাধ্যমে স্বাগত জানানো হয়। জানা গিয়েছে, দিল্লি সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং কেন্দ্র-রাজ্য সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জাতীয় স্তরে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে এখন থেকেই কৌশলী পদক্ষেপ নিতে শুরু করেছেন থলপতি বিজয়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনও দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও তারা জাদু সংখ্যার থেকে কিছুটা পিছিয়ে ছিল। নির্বাচনে দলটি ১০৮টি আসন জিতেছিল। কিন্তু বিজয় নিজে দুটি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় পরে বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। এই পরিস্থিতিতে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কংগ্রেস। তাদের পাঁচ বিধায়ক টিভিকে-কে সমর্থন করে। পাশাপাশি দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে এবং মুসলিম লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থলপতি বিজয়।

After 12 years Vijay, met with PM Narendra Modi as new CM of Tamil Nadu

আরও পড়ুন: ‘এক দেশ এক আইন’- কার্যকরীর পথে আরও এক বিজেপি শাসিত রাজ্য, অসমে পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল

তামিল রাজনীতিতে সিনেমা থেকে উঠে আসা নেতাদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এম জি আর, জয়ললিতা থেকে শুরু করে করুণানিধির উত্তরসূরিদের মতোই এবার থলপতি বিজয়ও সেই ধারার নতুন মুখ। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম দিল্লি সফর এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতে নিজের প্রভাব আরও বাড়াতে বিজেপি যেমন নতুন সমীকরণের দিকে নজর রাখছে, তেমনই বিজয়ও জাতীয় স্তরে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন। ফলে মোদি (Narendra Modi)-বিজয়ের এই বৈঠক আগামী দিনে তামিলনাড়ু এবং জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।