বাংলাহান্ট ডেস্ক: বাংলায় এবার অ্যাক্টিভ হচ্ছে বর্ষা। ভারী বৃষ্টিতে তোলপাড় উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেরও (South Bengal Weather) জেলার পর জেলা ভিজছে। যার জেরে সাময়িক স্বস্তিতে মানুষজন। আবহাওয়া দপ্তর বলছে, এই বৃষ্টি আর সাথে ঝোড়ো হাওয়ার দাপট আরও কয়েক দিন চলবে। শনিতে জামাইষষ্ঠীর দিন কি আরও বাড়বে বর্ষণ? আবহাওয়ার আগাম খবর জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল শনিবারেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির দাপট বাড়বে আগামী কয়েক দিন। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে। কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা।
আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ২০ জুনের পর থেকে বৃষ্টির বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। যার জেরে তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি। যদিও আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের মতে, বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা কম এবার। বজ্রপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে অন্যান্য বছরের তুলনায় বর্ষার বৃষ্টিপাত এবার কিছুটা কম হতে পারে।

আরও পড়ুন: আরজি কর কান্ডে এবার কি ফাঁস হবে বড় রহস্য? ২ আইপিএসের পর বিনীত গোয়েলকে তলব CBI-এর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

















