বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ সময় ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে প্রশাসনিক পরিকাঠামো— একাধিক ক্ষেত্রে জনবলের অভাব নিয়ে প্রশ্ন উঠছিল। বহু পদ ফাঁকা থাকায় সরকারি পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে চাপ বাড়ছে বলে অভিযোগ ছিল বিভিন্ন মহলের। সেই পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেট (West Bengal Budget) কর্মসংস্থান নিয়ে বড় প্রত্যাশা তৈরি করেছে।
কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা বাজেটে (West Bengal Budget)
সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী দিনে রাজ্যজুড়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। নির্বাচনের আগে বিজেপি কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীদের জন্য সুযোগ সম্প্রসারণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাজেটে তারই প্রতিফলন দেখা গিয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, মোট ১ লক্ষ শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর মধ্যে প্রায় অর্ধেক পদই বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রের জন্য। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অধ্যাপক এবং সহায়ক কর্মী মিলিয়ে ৫০ হাজার নতুন নিয়োগের কথা জানানো হয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীতে ২০ হাজার নতুন কর্মী অন্তর্ভুক্ত করা হবে।
পাশাপাশি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের জন্যও ১ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেখানে প্রযোজ্য, সেখানে চাকরির ১০ শতাংশ সুযোগ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেও বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। নতুন নিয়োগের মোট পদের এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৩৩ শতাংশ, মহিলাদের জন্য নির্দিষ্ট রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে বাজেটের মূল আকর্ষণ শুধু চাকরির প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন : ২০% DA-র ঘোষণা বাজেটে, খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা, কবে থেকে মিলবে?
মহিলাদের আর্থিক ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়ে একাধিক প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি কলেজপড়ুয়া ছাত্রী, অন্তঃসত্ত্বা মহিলা এবং বিভিন্ন বয়সের নারীদের জন্য পৃথক সুবিধার ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রাজ্যজুড়ে পরিকাঠামো উন্নয়ন ও নির্মাণ প্রকল্পেও বড় বিনিয়োগের পরিকল্পনা সামনে এনেছে সরকার।অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও অন্তঃসত্ত্বাদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

















