বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে নারী ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা, গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা সহ একাধিক ঘোষণা করেছেন তিনি।
মহিলাদের জন্য একের পর এক উদ্যোগ সরকারের | (Government of West Bengal)
এবারের বাজেট ঘিরে রাজ্যের মহিলাদের অনেক আশা-প্রত্যাশা ছিল। ফ্রি বাস পরিষেবা, অন্নপূর্ণা যোজনার পর সরকার আর কী ঘোষণা করে সেদিকে নজর ছিল সকলের। তাঁদের সেইসব আশা পূরণ করে প্রসূতি মা থেকে শুরু করে বিধবা মহিলা, সকলের জন্য কিছু না কিছু ঘোষণা করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ! মমতার মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
স্বপন জানান, অন্নপূর্ণা যোজনায় চলতি অর্থবর্ষে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গেই বিধবা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হচ্ছে। আশাকর্মীদের মাসিক বেতন ৫ হাজার টাকা বাড়ানোরও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এছাড়া সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবার জন্য চলতি বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ২১ হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা করা হয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এখানেই শেষ নয়! উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমানোর লক্ষ্যে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এর মাধ্যমে রাজ্যের সরকার ও সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। এর পাশাপাশি সকল সরকারি নিয়োগ প্রক্রিয়ায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে, প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা পরিচালিত থানা থাকবে এবং মহিলা পুলিশকর্মীদের নিয়ে বিশেষ স্কোয়াড গঠিত হবে।
ছাত্রী থেকে শুরু করে গৃহিণী, এবারের রাজ্য বাজেটে প্রায় সব মহিলার জন্যই কিছু না কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এতে বাংলার বহু মহিলার মুখে যে হাসি ফুটেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

















