বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ চলাকালীনই এবার কড়া অ্যাকশন ফিফার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আন্তর্জাতিক ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল তথা ফিফা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (ANFA) তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে। এমতাবস্থায়, এই সিদ্ধান্তটি স্বাভাবিকভাবেই পড়শি দেশ নেপালের ফুটবল এবং ফুটবলারদের জন্য একটি বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। ফিফা কর্তৃক প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, কাউন্সিলের ব্যুরো গত ২৪ জুন, ২০২৬-এর বৈঠকের পর এই কঠোর পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালকে নিষিদ্ধ করেছে।
ফিফার (FIFA) বড় সিদ্ধান্ত:
এদিকে, ফিফার এই নিষেধাজ্ঞার ফলে, নেপালের কোনও ফুটবল দল বা স্থানীয় ক্লাব ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) দ্বারা আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও, এই নিষেধাজ্ঞা নেপালে প্রাথমিক পর্যায়ের ফুটবলের উন্নয়নেও প্রভাব ফেলবে। এখন থেকে ANFA-র সদস্য ও আধিকারিকরা ফিফা বা AFC কর্তৃক প্রদত্ত কোনও ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং সেশন এবং শিক্ষামূলক কোর্সের সুবিধা গ্রহণ করতে পারবে না।

কী জানিয়েছে ফিফা: কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এনে ফিফা তার আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘২৪ জুন ২০২৬ থেকে কার্যকরভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা বিধিমালার ১৩ নং আর্টিক্যাল অনুযায়ী ANFA তার সকল সদস্যপদ অধিকার হারিয়েছে। অতএব, এই স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ANFA-র প্রতিনিধি এবং ক্লাবের দলগুলি কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।’ আরও জানানো হয়েছে যে, ‘এছাড়াও, আমরা ফিফা এবং AFC-র সঙ্গে যুক্ত অন্যান্য দেশ ও সংস্থাগুলিকে স্মরণ করিয়ে দিতে চাই যে, এই স্থগিতাদেশ চলাকালীন তারা যেন ANFA বা এর দলগুলির সঙ্গে কোনও ধরণের ক্রীড়া সম্পর্ক না রাখে।’
আরও পড়ুন: হকিতে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে পরাজিত করল ভারত! ৪-৩ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া
নেপালের জন্য বড় ধাক্কা: এদিকে, এই হতাশাজনক খবরের মাঝেও নেপাল ফুটবলের জন্য কিছুটা স্বস্তির আলো দেখা দিয়েছে। ফিফা স্পষ্ট করেছে যে, স্থগিতাদেশের নেপথ্যে থাকা কারণ ও বিবাদগুলি সময়মতো সমাধান করা হলে, পরবর্তী ফিফা কংগ্রেসের আগেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা খেলোয়াড়
বিবৃতির শেষ অংশে ফিফা উল্লেখ করেছে যে, ‘কাউন্সিলের ব্যুরো অথবা ফিফা কাউন্সিল পরবর্তী ফিফা কংগ্রেসের আগে যেকোনও সময় এই স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ভবিষ্যতে এমন কোনও পরিস্থিতি তৈরি হলে বা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে, আমরা নিয়ম অনুযায়ী এই বিষয়ে তথ্য জানাবো।’













