বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। যা বাজারকেও ঊর্ধ্বমুখী করেছে। এই উত্থানের ফলে দেশের শীর্ষ ১০ টি মূল্যবান কোম্পানির মধ্যে ৬ টির সম্মিলিত বাজার মূল্য তথা মার্কেট ভ্যালুয়েশন ১ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এই ঊর্ধ্বগতিতে নেতৃত্ব দিয়েছে। এদিকে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত সপ্তাহে ভারতীয় (India) শেয়ার বাজারের (Share Market) প্রধান সূচকগুলি তাদের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে। যেখানে BSE সেনসেক্স ৬৬৩.৪৪ পয়েন্ট (০.৮৬ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, NSE নিফটি ২১৪.৮৫ পয়েন্ট (০.৮৯ শতাংশ) বেড়েছে।
ভারতের সবথেকে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)!
এই ৬ টি কোম্পানি লাভবান হয়েছে: জানিয়ে রাখি যে, টেলিকম সেক্টরের অন্যতম বৃহৎ কোম্পানি ভারতী এয়ারটেল সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এয়ারটেলের মার্কেট ক্যাপ ৩৬,৫২৯.২১ কোটি টাকা বেড়ে ১১,৬৩,৮৭৭.৩০ কোটি টাকা হয়েছে। এদিকে, বাজাজ ফাইন্যান্সের ভ্যালুয়েশন ৩৩,০৫৯.৮৩ কোটি টাকা বেড়ে ৬,৪৩,১৪১.৩৬ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ১৬,০৮৪.২৯ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১০,১১,৬৯৫.০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অপরদিকে, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC তার ভ্যালুয়েশনে ৮,৬০১.৯৯ কোটি টাকা যুক্ত করেছে। বর্তমানে এই সংস্থার মোট মার্কেট ক্যাপ ৫,৪৪,১৩৯.৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৭,৬৬৪.৮৯ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১২,৩৩,৬৪৬.৩৩ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়াও, FMCG সেক্টরের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL) মার্কেট ক্যাপ ৬,৪৬১.৩৮ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৫,১৭,০৮৬.৩০ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই! মেসি-এমবাপের মধ্যে কড়া টক্কর
এই ৪ টি কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে: উল্লেখ্য যে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের অন্যতম বৃহৎ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (L & T) সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। এই সংস্থার মার্কেট ক্যাপ ২৬,৫৭২.২০ কোটি টাকা কমে ৫,৫৩,৯৭৮.৬৩ কোটি টাকায় নেমে এসেছে। এদিকে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL)-এর মার্কেট ক্যাপও ১৮,৯৪৫.৫৬ কোটি টাকা কমে ১৭,৬৪,৯৮১.৩৬ কোটি টাকায় নেমে এসেছে। এছাড়াও, দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI-এর ভ্যালুয়েশন ৪,৮৪৬.০৮ কোটি টাকা কমেছে। SBI-র বর্তমান মোট ভ্যালুয়েশন ৯,৫৯,৮৯১.৯২ কোটি টাকা। অপরদিকে, আইটি সেক্টরের বৃহৎ সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস তথা TCS-এর মার্কেট ক্যাপ ১,০৩১.১৫ কোটি টাকা কমে ৭,৫৭,১৭৫.২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় T20-তে কেন পরাজিত টিম ইন্ডিয়া? নেপথ্যে রয়েছে ৪ টি কারণ
রিলায়েন্সের আধিপত্য বজায়: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ কমলেও এটি ভারতের সবচেয়ে মূল্যবান লিস্টেড কোম্পানির তকমা বজায় রেখেছে। এরপর রয়েছে HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, TCS, বাজাজ ফাইন্যান্স, লার্সেন অ্যান্ড টুব্রো, LIC এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড।













