৬ বছর পর ফের খুলল ভারত-চিন সীমান্ত! শুরু হল বাণিজ্য

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ৬ বছর পর খুলে গেল ভারত-চিন (India-China) সীমান্ত। যার ফলে আসবে ব্যবসায়িক গতি। মূলত, করোনার মতো ভয়াবহ মহামারীর পরে ভারত-চিন সীমান্তে সম্পর্কের উত্তেজনার কারণে ২০২০ সাল থেকে এই পথে ব্যবসা স্থগিত ছিল। তবে, এবার দীর্ঘ ৬ বছর পর সিকিমের (Sikkim) নাথু লা পাস এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) শিপকি লা পাসের মাধ্যমে গত শনিবার ভারত ও চিনের মধ্যে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পূর্ব সিকিমের নাথু লা-তে এই সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে উভয় দেশের আধিকারিকরা অংশগ্রহণ করেন।

৬ বছর পর ফের খুলল ভারত-চিন (India-China) সীমান্ত:

এর মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হলো। সিকিমের বাণিজ্য ও শিল্প বিভাগের সচিব কার্মা ডি. ইউতসো বলেছেন যে, বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুসারে, এই বাণিজ্য নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি বলেন, এই বছর ৩৮ জন রেজিস্টার্ড ব্যবসায়ীকে ট্রেড পাস দেওয়া হয়েছে।

India-China border reopens for trade after 6 years.

৩৬ টি পণ্যের বাণিজ্য হবে: জানিয়ে রাখি যে, হস্তশিল্প থেকে শুরু করে ঐতিহ্যবাহী ধর্মীয় সামগ্রী, রেডিমেড পোশাক, তাঁতজাত পণ্য এবং অন্যান্য অনুমোদিত পণ্যসহ মোট ৩৬ টি বিজ্ঞাপিত পণ্যের এই পথে ব্যবসা করা হবে। সচিব জানিয়েছেন যে ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করছে। এই প্রথম নাথুলায় একটি মহিলা ITBP প্লাটুনও মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের দাপট! একদিনেই এল ৮ টি সোনা, পদক তালিকায় বিরাট লাফ

১৯৬২ সালের যুদ্ধের পর নাথু লা পাস বন্ধ করে দেওয়া হয়েছিল: উল্লেখ্য যে, ভারত ও চিনের মধ্যে ১৯৬২ সালের যুদ্ধের পর নাথু লা পাস বন্ধ করে দেওয়া হয় এবং ৪ দশকেরও বেশি সময় পর ২০০৬ সালে সীমান্ত বাণিজ্যের জন্য এটি পুনরায় খুলে দেওয়া হয়। এটি দুই দেশের মধ্যে ঘোষিত সীমান্ত বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এবং এখানে প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত বাণিজ্য চলে।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস মামলায় গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি! কে করবেন শুনানি?

এদিকে, হিমাচল প্রদেশের প্রাচীন সিল্ক রুট হিসাবে বিবেচিত শিপকি লা গিরিপথ দিয়েও দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ওই রাজ্যের রাজস্ব ও উদ্যানপালন মন্ত্রী জগৎ সিং নেগি ১৬ জন ব্যবসায়ী ও তাঁদের ঘোড়া তিব্বতের শিপকি গ্রামে পাঠিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন যে, এই বাণিজ্য বিনিময় প্রথার অধীনে পরিচালিত হবে। ব্যবসায়ীদের তিব্বত অঞ্চলে ৭২ ঘণ্টা ব্যবসা করার পর ফিরে আসতে হবে। এছাড়াও, তিনি কিন্নর জেলার সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত নামগ্যার শিপকি লা এলাকায় ১.৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ছুপ্পান ট্রেড মার্টেরও উদ্বোধন করেন। এই কেন্দ্রটি সীমান্ত বাণিজ্য সহজ করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।