বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার আসার পর একাধিক জায়গায় হকার উচ্ছেদ হয়েছে। আর এবার গত শনিবার সারপ্রাইজ ইন্সপেকশন বেরিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পার্ক স্ট্রিট (Park Street Encroachment) এলাকায় রাস্তার দুই ধারে থাকা হকারদের উদ্দেশ্যে নির্দেশ দেন দ্রুত জায়গা খালি করার। ইতিমধ্যেই সেই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।
শনিবারের নির্দেশের পরেই দখলমুক্ত Park Street ফুটপাত
শনিবারের পরিদর্শনের সময় মধ্যশিক্ষা পর্ষদের অফিস ও পোস্ট অফিসের সামনের ফুটপাতের পরিস্থিতি দেখে চমকে যান তিনি। প্রায় দুই তৃতীয়াংশ দখল হয়ে গিয়ে পথচারীদের যাতায়াতের জায়গা সংকীর্ণ হয়ে গিয়েছে। তাই দ্রুত ফুটপাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। একইসাথে জানানো হয় সেটা না হলে জরিমানা গুনতে হবে।
এদিনের পরিদর্শনের আগে ও পরের ছবি শেয়ার করে অগ্নিমিত্রা এক্স হ্যান্ডেলে লিখেছেন, পার্কস্ট্রিট, মধ্যশিক্ষা পর্ষদ ও পোস্টঅফিস চত্বর আখন আরও পরিষ্কার ও সুপরিকল্পিত কলকাতার অঙ্গ। এই পরিবর্তন আমাদের স্বচ্ছ ও সুন্দর কলকাতা তৈরির উদ্যোগের প্রতিফলন।
আরও পড়ুনঃ চালু হবে বোটিং থেকেই সংরক্ষণাগার, রবীন্দ্র সরোবরকে টুরিস্ট অ্যাট্রাকশন করতে উদ্যোগী KMDA
এলাকার এমন পরিবর্তন দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। পার্কস্ট্রিট এলাকারই এক বাসিন্দা যিনি ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জানাচ্ছেন, আশা করি পরিষ্কার অভিযানের পরেও ফুটপাত এমনভাবেই দখলমুক্ত ও পরিষ্কার থাকবে। আর সাধারণ মানুষ স্বাচ্ছন্দে হাঁটাচলা করতে পারবে।
১লা সেপ্টেম্বর থেকে চালু হবে জরিমানা
আসলে কিছুদিন আগেই অগ্নিমিত্রা পাল সাফ জানিয়েছেন বেআইনি দখল ও রাস্তার ধারের ফুটপাত বা রাস্তার ধারের পার্কিংয়ের জায়গা কোনোভাবে দখল হলেই কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে হকার থেকে শুরু করে বিক্রেতা যারা দীর্ঘদিন ধরে জিনিসপত্র বিক্রি করে আসছেন তাদের দুর্গাপুজো অবধি উচ্ছেদ করা হবে না বলেও জানান তিনি।
আগামী ১লা সেপ্টম্বর থেকে নোংরা ফেলা, অবৈধ দখল ইত্যাদির ক্ষেত্রে জরিমানা করা হবে। সরকারের মতে, এতে অবৈধ দখলদারি অনেকটাই কমে যাবে। যদিও বাস্তবে কি হবে সেটা দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।













