বাংলা হান্ট ডেস্কঃ আগেই ঘোষণা হয়েছিল। সেই অনুযায়ী সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ঘোষণা করেন, ভেরিফিকেশনের সময় প্রাথমিকভাবে ১৭ লক্ষ আবেদন খারিজ করা হয়েছে। তবে যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের কাছে পুনরায় আবেদনের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় আপডেট | (Annapurna Yojana)
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই প্রতিমন্ত্রী সুমনা সরকার ও পূর্ণিমা চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা। রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকে যাবে। মোট ৪৩৫০ কোটি টাকা পাঠানো হচ্ছে।
আরও পড়ুনঃ মনসা পুজোয় অর্ধদিবস ছুটি! কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন
রাজ্য সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাইয়ের পর ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকিদের অ্যাকাউন্টে বৃহস্পতিবারের মধ্যে ধাপে ধাপে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে ১০ জুলাই অবধি জমা পড়া আবেদনের সংখ্যা ছিল ১ কোটি ৮০ লক্ষ। বাকিদের ভেরিফিকেশনের কাজ চলছে।
তবে যাদের আবেদন বাতিল হয়েছে তাঁদের অন্নপূর্ণা যোজনা পাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। তাঁরা ফের আবেদন করতে পারবেন। রাজ্যের মন্ত্রী জানান, নির্দিষ্ট পোর্টালে গিয়ে পুনরায় অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক স্তরে সেই আবেদন খতিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে সেই আবেদনকারী সরকারি প্রকল্পের টাকা পাবেন।
রাজ্য জানিয়েছে, বর্তমানে ওই পোর্টাল বন্ধ রয়েছে। আগামী ২০ অগাস্ট থেকে আবার আবেদন করা যাবে। পাশাপাশি নাম বাদ যাওয়া নিয়ে যদি কারও অভিযোগ থাকে, তাহলেও সেখানে জানানো যাবে।
কেন এত বিপুল পরিমাণ আবেদন বাতিল হল সেটাও জানিয়েছে রাজ্য সরকার। নবান্নের দাবি, প্রায় ১০ লক্ষ আবেদনের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নম্বরের সংযোগ খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গেই বেশ কিছু সরকারি কর্মী ও আয়কর প্রদানকারীর আবেদনও বাতিল করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী জানান, গত ১১ জুলাই থেকে ৩১ জুলাই অবধি যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, তাঁদের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৩০ সেপ্টেম্বর অবধি সময় লাগতে পারে। এরপর যারা যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাঁদের ৩ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

এছাড়া যেসব আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর সংযোগ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, সেগুলি সমাধানের জন্য বিডিওদের নির্দেশ দিয়েছে রাজ্য। তাঁরা ব্যাঙ্কের সঙ্গে কথা বলবেন ও নানা জায়গায় শিবিরের আয়োজন করে এই সমস্যার সমাধান করবেন।
১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি দেওয়া শুরু হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার কতজন টাকা পাবেন ও কতজনের নাম বাদ গিয়েছে, সেই পরিসংখ্যান প্রকাশ করা হল।













