বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একাধিক জেলার জেলাশাসকদের এবার সিএএ-এর (CAA) অধীনে জমা পড়া নাগরিকত্বের আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু আবেদন সরাসরি জেলা প্রশাসনের স্তরেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতদিন এই কাজের জন্য নির্দিষ্ট কেন্দ্রীয় কাঠামোর উপর নির্ভর করতে হত।
সিএএ-এর (CAA) নাগরিকত্ব দেবে জেলাশাসকরাই
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, গুজরাত, পঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের নির্দিষ্ট এলাকাগুলির জেলাশাসকদের জমা করা আবেদনগুলির প্রক্রিয়াকরণ করতে পারবেন। অসম ও ত্রিপুরার আদিবাসী এলাকা এই ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সংশ্লিষ্ট জেলা প্রশাসনও CAA-এর আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব পালন করতে পারবে।কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের নিয়ে তৈরি এমপাওয়ার্ড কমিটির মাধ্যমে আবেদনগুলি যাচাই করা হত। সেনসাস, ইন্টেলিজেন্স ব্যুরো এবং ডাক বিভাগের প্রতিনিধিরাও সেই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। নতুন নির্দেশে সেই ব্যবস্থায় পরিবর্তন এনে জেলা প্রশাসনকে আরও বেশি ক্ষমতা দেওয়া হল।
নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট জেলাশাসকরাই আগের এমপাওয়ার্ড কমিটি এবং ডেজিগনেটেড অফিসারের দায়িত্ব সামলাবেন। আবেদনকারীদের নথিপত্র পরীক্ষা করা থেকে শুরু করে যোগ্যতা যাচাই—গুরুত্বপূর্ণ একাধিক ধাপ এবার জেলা প্রশাসনের মাধ্যমেই সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিটিজেনশিপ (থার্ড অ্যামেন্টমেন্ট) রুলস, ২০২৬-এর অধীনেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। নাগরিকত্ব আইনের ৬বি ধারার আওতায় আবেদন গ্রহণ, প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই এবং আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসকদের।
নতুন প্রক্রিয়ায় আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট জেলাশাসক প্রথমে আবেদনকারীর দেওয়া নথিপত্র পরীক্ষা করবেন। কাগজপত্রের সত্যতা বা আবেদনকারীর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন থাকলে প্রয়োজন অনুযায়ী তদন্তও করা হতে পারে। সব তথ্য যাচাই করে আবেদনকারী CAA-এর আওতায় নাগরিকত্ব পাওয়ার শর্ত পূরণ করছেন কি না, তা নিশ্চিত করা হবে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদনকারীকে আনুগত্যের শপথ গ্রহণ করাতে হবে। সমস্ত শর্ত পূরণ হয়েছে বলে জেলাশাসক নিশ্চিত হলে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যাবে।

আরও পড়ুন : টোলের ঝক্কি কমাতে নয়া সুবিধা! FASTag Local Pass পাবেন ঘরে বসেই, কারা যোগ্য জানুন…
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই গোটা প্রক্রিয়ার ধাপগুলিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা CAA-এর আবেদনগুলি এবার কতটা দ্রুত নিষ্পত্তি হয়, সেটাই এখন দেখার। জেলা প্রশাসনের হাতে সরাসরি ক্ষমতা যাওয়ায় আবেদন প্রক্রিয়ায় গতি আসবে কি না, আগামী দিনেই তার উত্তর মিলবে। তবে কেন্দ্রের এই পদক্ষেপে নাগরিকত্বের অপেক্ষায় থাকা বহু আবেদনকারীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।













