বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া আর লটারি জেতা এখন প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুজো, দীপাবলি থেকে বড়দিনের সময় দূরপাল্লার ট্রেনগুলির (Indian Railways) টিকিটের চাহিদা থাকে আকাশছোঁয়া। সেই তুলনায় আসন কম থাকায় ওয়েটিং লিস্টের তালিকা বাড়তে থাকে। ওয়েটিং লিস্ট মাঝে মাঝে পৌঁছে যায় ৫০০ তে। এবারেও পুজোর সময়ের টিকিট বুকিং শুরু হতে অনেকেই কনফার্ম টিকিট পাননি। ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদের চিন্তা আদৌ কি কনফার্ম টিকিট পাওয়া যাবে?
সহজে মেলে না ট্রেনের (Indian Railways) কনফার্ম টিকিট
প্রচণ্ড চাহিদার সময়ে সহজে পাওয়া যায় না ট্রেনের কনফার্ম টিকিট। কিন্তু এই সময়টাতেই অনেকে ঘুরতে যান, অনেকে কর্মস্থল থেকে বাড়িও ফেরেন। এমতাবস্থায় ওয়েটিং লিস্টে নাম থাকলে কীভাবে বুঝবেন টিকিট কনফার্ম হবে কিনা? রেলের অভ্যন্তরের হিসেব জেনে নিন।

কীভাবে আসন যায় ওয়েটিং লিস্টে: এমনিতে স্বাভাবিক সময়ে গড়ে প্রায় ২১ শতাংশ যাত্রী টিকিট কাটার পর নানান কারণে টিকিট বাতিল করে থাকেন। রেলের নিয়মানুযায়ী, বাতিল হওয়া আসনগুলিতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের পরপর স্থান দেওয়া হয়। প্রতি ট্রেনে গড়ে প্রায় ৪-৫ শতাংশ যাত্রী আগাম টিকিট কেটে রাখলেও কোনও কারণে যাত্রা বাতিল করে দেন বা স্টেশনে (Indian Railways) পৌঁছাতে পারেন না। ওই ফাঁকা আসনগুলিও ওয়েটিং লিস্টের তালিকায় থাকা যাত্রীদের ভাগ্যে যায়। রেলের এমার্জেন্সি কোটার কোনও অংশ অব্যবহৃত থাকলেও চার্ট তৈরির সময় সেই আসনগুলিও ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা পান।
আরও পড়ুন : পুড়ে যাবে না, বেলুনের মতো ফুলবে রুটি, সেঁকার আগে তাওয়ায় দিন ‘এই’ জিনিস
জেনে রাখুন হিসেব: উল্লেখ্য, ট্রেনের একটি স্লিপার কোচে মোট ৭২ টি আসন থাকে। এবার টিকিট বাতিলের ২১ শতাংশ এবং অনুপস্থিতির ৪-৫ শতাংশ মিলিয়ে দেখা যায় অতিরিক্ত ১৮ টি আসন খালি থেকে যায় স্লিপার কোচে। অর্থাৎ একটি দূরপাল্লার ট্রেনে ১০ টি স্লিপার কোচ যুক্ত থাকলে হিসেব অনুযায়ী, সব মিলিয়ে প্রায় স্লিপার ক্লাসের (Indian Railways) প্রায় ১৮০ জন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। তবে উৎসব বা ছুটির সময় টিকিট বাতিল বা যাত্রা না করার হার অনেকটা কমে যায়। তাই এই সময় ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার সম্ভাবনা কমে যায়।
আরও পড়ুন : আগেই টের পেয়েছিলেন মৃত্যুর পদধ্বনি! ডায়েরিতে কী লিখে গিয়েছিলেন উত্তম কুমার?
ব্যস্ত সময়ে টিকিট নিশ্চিত করতে কিছু টিপস জেনে রাখুন। রেলের নিয়মানুযায়ী, দূরপাল্লার ট্রেনের টিকিট যাত্রার দিন থেকে ৬০ দিন আগে সকাল ৮ টা নাগাদ বুকিংয়ের জন্য উন্মুক্ত হয়। তাই সকাল আটটা বাজার প্রথম ১৫ মিনিটের মধ্যেই টিকিট কেটে নিতে পারলে কনফার্ম আসন পাওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ থাকে। জনপ্রিয় রুটগুলির ভরসায় না থেকে বিকল্প রুট বা সংযোগকারী ট্রেনের সাহায্য নিতে পারেন।













