বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গাড়ি সরাতে গিয়ে গার্ডরেলে ধাক্কা লেগেছিল। সেই ঘটনায় এক পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, ভুল হয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য চাকরি থেকে বরখাস্ত করা ঠিক হয়নি।
ভুল গিয়ারে গাড়ি চালাতেই ঘটেছিল বিপত্তি
ঘটনাটি ২০২৩ সালের ৪ ডিসেম্বরের। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোবাইল টয়লেট ভ্যানের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের গাড়িচালক ধীরেন্দ্রনাথ মাহাতো। গাড়ি থেকে দুর্গন্ধ বেরনোয় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান।
পরিস্থিতি সামলাতে গাড়িটি সরানোর দরকার হয়। তখন গাড়ির চালক না থাকায় ধীরেন্দ্রনাথ নিজেই গাড়িটি সরানোর চেষ্টা করেন। কিন্তু ভুল গিয়ার দেওয়ায় গাড়িটি গিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। এরপর গার্ডরেল গিয়ে বাড়ির সদর ফটকে ধাক্কা দেয়। এই ঘটনার পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন।
বরখাস্তের সিদ্ধান্ত বাতিল হাই কোর্টের (Calcutta High Court)
ধীরেন্দ্রনাথ ২০০০ সালে কলকাতা পুলিশের গাড়িচালক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। ২০০৫ সালে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতো।মামলাটি শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে দেয়।

আরও পড়ুনঃ ফের স্কুলে স্কুলে নির্দেশিকা, পালন করতে হবে জোড়া কর্মসূচি
আদালত জানায়, ধীরেন্দ্রনাথ ভুল করেছিলেন। তবে সেই ভুলের জন্য চাকরি থেকে বরখাস্ত করা খুব বেশি শাস্তি হয়ে যায়। ওই ঘটনায় কেউ আহতও হননি। তাই তাঁকে লঘু শাস্তি দেওয়া যেতে পারে। পুলিশ ও প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে ধীরেন্দ্রনাথের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Calcutta High Court)।














