বাংলা হান্ট ডেস্ক : খেলার দুনিয়ায় সাফল্যের পর এবার সরকারি চাকরির দরজা খুলছে রাজ্যের ৭৮ জন জাতীয় স্তরের পদকজয়ী ক্রীড়াবিদের জন্য। দীর্ঘদিন ধরে আটকে থাকা স্পোর্টস কোটার নিয়োগ প্রক্রিয়াকে এবার কার্যত শেষ পর্যায়ে নিয়ে এসেছে নবান্ন (Nabanna)। চাকরির আগে শেষ ধাপ হিসেবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। সেই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
স্পোর্টস কোটায় চাকরি দিতে তৎপর নবান্ন (Nabanna)
এই নিয়োগের জন্য নির্বাচিত ক্রীড়াবিদদের প্রত্যেককে নির্দিষ্ট পদ্ধতিতে ভেরিফিকেশন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই (http://www.par.wb.gov.in) ওয়েবসাইটে ‘ভেরিফিকেশন রোল’ বা পিভিআর ফর্ম তুলে দেওয়া হয়েছে। প্রার্থীদের সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর ফর্মটির দুটি অরিজিনাল সেটের সঙ্গে পদক জয়ের প্রমাণপত্রগুলির স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ খামে জমা দিতে হবে।
কোথায় জমা হবে সেই ঠিকানাও নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন। নবান্নের সাততলায় কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের ৭০৩ নম্বর ঘরে রাখা ড্রপ-বক্সে সরাসরি নথি জমা করা যাবে। ডাকযোগে পাঠানোর সুযোগও থাকছে। তবে জমা দেওয়ার সময় নিয়ে কোনও ছাড় নেই। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫টি কর্মদিবসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। কর্মদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে নথি গ্রহণ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্যও রয়েছে আলাদা নিয়ম। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট শংসাপত্রের দুটি স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। আবার বর্তমানে অন্য কোনও সরকারি চাকরিতে থাকা প্রার্থীদেরও বিষয়টি নিয়ে নিজেদের বর্তমান নিয়োগকর্তাকে আগে থেকে জানাতে বলা হয়েছে, কারণ তাঁদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এদিকে, এই ৭৮ জনকে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়টিও ইতিমধ্যেই স্পষ্ট করেছে রাজ্য প্রশাসন। পদক এবং যোগ্যতার ভিত্তিতে সেকশন অফিসার, ইউডিএ, এলডিএ এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে তাঁদের। বিশেষ ব্যবস্থায় নিয়োগ হলেও এর জন্য কর্মিবর্গ দফতরের অনুমোদিত পদসংখ্যা বা বর্তমান পদের কাঠামো বদল করা হচ্ছে না। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা আগেই স্পোর্টস কোটায় এই নিয়োগে অনুমোদন দিয়েছিল। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সুপারিশের পর গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য।

আরও পড়ুন : সেপ্টেম্বরে টাকা পেলেও থাকছে চিন্তা! এই ৫ কারণে অক্টোবরে নাও মিলতে পারে অন্নপূর্ণা যোজনা
এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র-সহ যথাযথভাবে পূরণ করা পিভিআর জমা দিতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে তিনি অফিশিয়াল গেজেটে বিজ্ঞাপিত সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রুপ-ডি পদের নিয়োগপত্র গ্রহণে আগ্রহী নন।” পুলিশ ভেরিফিকেশন এবং নথি যাচাইয়ের ধাপ পেরোলেই তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার দিকে এগোবে।













