বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে প্রতিটি ওডিআই সিরিজের মধ্যে দিয়ে ভারতীয় দল (Indian Cricket Team) প্রস্তুতি সেরে নিচ্ছে আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup)। পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দলের সঠিক কম্বিনেশন খুঁজে বার করার চেষ্টায় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বেশ কিছু যোগ্য তারকাকে ইচ্ছা থাকলেও সুযোগ দিতে পারছেন না ভারতের প্রধান কোচ। আর তাদের মধ্যেই একজন হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
গত চার বছর ধরে ভারতীয় দলের অংশ হলেও টেস্ট ছাড়া অন্য কোনও ফরম্যাটে তিনি নিজের স্থায়ী জায়গা করে উঠতে পারেননি। ওডিআই ফরম্যাটে এখনও বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র তারকারা খেলছেন। তাই অধিনায়ক শুভমান গিলের ভারতীয় দলে আপাতত যশস্বীর ভূমিকা একজন ব্যাক আপ ওপেনারের।

কিন্তু নিজের যোগ্যতার প্রমাণ স্বল্প সুযোগেই দিয়ে রেখেছেন যশস্বী। এখনও পর্যন্ত ভারতের জার্সি গায়ে মাত্র ৬ টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। তার মধ্যেই গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং চলতি বছরে জুন মাসে আফগানিস্থানের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন তিনি। তাও ভারতীয় দলে তার স্থান এইমুহূর্তে পাকা নয় এবং ভবিষ্যতেও যে পাকা হবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। কিন্তু সেই লক্ষ্য নিয়ে এবার এক নতুন ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন যশস্বী।
আরও পড়ুন: গম্ভীর নন, এই মেন্টরের পরামর্শে সফল হচ্ছেন শ্রেয়স! খুব শীঘ্রই ছুঁয়ে ফেলবেন কোহলির এই বিরাট রেকর্ড
আপাতত আসন্ন রঞ্জি ট্রফির মুম্বাইয়ের স্কোয়াডে রয়েছেন যশস্বী। সেই স্কোয়াডের সাথে অনুশীলন করার সময় তাকে দেখা গেলো নতুন ভূমিকায়। গ্লাভস হাতে ব্যাটিংয়ের পাশাপাশি আচমকা উইকেটকিপিং করতে শুরু করেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন দলের কাছে নিজেকে আরও প্রয়োজনীয় প্ৰমাণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভেঙে গেল বিরাট কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড! ভারতের জার্সিতে এখন এই বিশেষ কীর্তির মালিক ঈশান
রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার সিদ্ধেশ লাড-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “যশস্বীকে দেখে আমার মনে হয়েছে যে সে উইকেটকিপিং শুরু করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। তার কাছে আমি এমনটাই শুনেছি। সে মুম্বাইয়ের হয়ে কিংবা ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করতে চায়, তার লক্ষ্য সেটাই। তবে এ বিষয়ে আমার কাছে কোনও সুনির্দিষ্ট ধারণা নেই।”













