বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় গতি এসেছে। পুজোর আগেই সোমবার রাজ্য পুলিশের (West Bengal Police) কনস্টেবল পদে ১১,৫৯৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি আগামী নভেম্বর মাসের শেষে আরও ৯ হাজার পুলিশকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।
নিয়োগ নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১ হাজারের বেশি পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি জানান, নভেম্বর মাসের শেষে সপ্তাহে আরও ৯ হাজার পুলিশকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি কলকাতা পুলিশের জন্য ৩০০ জন এসআই নির্বাচিত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘ইগনোর করে এগিয়ে যান’! অগ্নিমিত্রাকে বড় পরামর্শ মুখ্যমন্ত্রীর, প্রশংসায় ভরালেন শর্বরীকেও
শুভেন্দু এদিন জানান, উত্তরপ্রদেশের থেকেও বেশি পুলিশ বাংলায় থাকবে। তিনি বলেন, “উত্তরপ্রদেশের থেকেও এগিয়ে থাকবে বাংলা।“ অনুষ্ঠানমঞ্চ থেকে আরও নিয়োগের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ওবিসি জট কেটে গিয়েছে। সেই কারণে নিয়োগ প্রক্রিয়াও গতি পেয়েছে।
এদিকে নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশকর্মীদের পুজোর মধ্যেই ডিউটি শুরু হয়ে যেতে পারে। আগামী ১৭ অক্টোবর থেকে তাঁদের ডিউটিতে পাঠানোর পরিকল্পনা আছে। এরপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের কোন এলাকায় মোতায়েন করা হবে তা সংশ্লিষ্ট কমিশনারেট ও পুলিশ জেলার নির্ধারিত পরিকল্পনার উপর নির্ভরশীল।

রাজ্য পুলিশে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল। সেই জট খুলে ফের নিয়োগ শুরু হচ্ছে বলে পরিষ্কার জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সম্পূর্ণ পুলিশি ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার ডাকও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে পুলিশবাহিনীকে মজবুত করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। থানাগুলির উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে ক্লার্ক, এই পদগুলিতেও নিয়োগ হবে বলে ঘোষণা করেছেন তিনি।














