বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। রাজ্য জুড়ে এখন খুশির আমেজ। এই আবহে মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, “ভারতবিরোধী শক্তিগুলিকে শেষ করে দাও মা।“
মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে প্রাক পুজো উৎসবের আয়োজন হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় ভারতবিরোধী শক্তিদের বিরুদ্ধে কড়া বার্তা দেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, “এতদিন যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই ভাবেনি, সেই বদমায়েশদের শেষ করে দাও মা।“
আরও পড়ুনঃ নারী নিরাপত্তায় গাফিলতি নয়! পুজোয় সুরক্ষার দায়িত্বে দুর্গাবাহিনী, বড় নির্দেশ পরিবহণমন্ত্রীর
অগ্নিমিত্রার কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে। আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। দেশের এই পথে যারা বাধা দিতে চাইছে, তাঁদের তুমি শেষ করে দাও মা। নিজেদের স্বার্থ ছাড়া যারা কিছুই ভাবেনি, মা যেন তাঁদের শেষ করে দেন। আমার প্রার্থনা, দেশ ও রাজ্য জুড়ে থাকা এই ধরণের শক্তির বিনাশ হোক।“
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসবের দিনগুলিতে সতর্ক থাকার বার্তা দেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি জানান, পুজোর সময়ও জরুরি পরিষেবা চালু থাকবে। রাস্তায় থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। তবে শুধু প্রশাসন সচেতন থাকলেই হবে না, সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।

এছাড়া অগ্নিমিত্রা আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসলে বাংলা ও বাংলার মানুষের সংস্কৃতির বিরোধিতা করবে, এমন প্রচার যে ঠিক নয়, সেটার প্রমাণ মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে হওয়া বিপুল জনসমাগম। ভবিষ্যতে আরও নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গতকালের অনুষ্ঠানে পুরমন্ত্রী অগ্নিমিত্রার পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবলাম এস। সেখানে পুজো নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি আতসবাজি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তাঁরা।














