বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন প্রয়োজনে ট্রেনে সফর করতেই হয়। অনেকেই আছেন যারা ব্যাগপত্তর নিয়ে ট্রেনে (Indian Railways) উঠে তা চালান করে দেন সোজা উপরে ব্যাগ রাখার বাঙ্কে। তারপর তাড়াহুড়োয় তা অনেক সময় ভুল করে ফেলে রেখেই নেমে পড়েন। এমন পরিস্থিতিতে কী করণীয়? কীভাবে ফেরত পাবেন ব্যাগ?
ট্রেনে (Indian Railways) ব্যাগ ফেলে আসলে কী করবেন?
ট্রেনে ভুল করে ব্যাগ ফেলে আসলে আতঙ্কিত হবেন না। ট্রেন থেকে নামার পরেই যদি বুঝতে পারেন যে কোনও জিনিস কামরায় ফেলে রেখে এসেছেন তাহলে দেরি না করে আগে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করুন। পরবর্তী ধাপ হল ট্রেনের টিকিটের ব্যাপারে বিস্তারিত জানানো। অর্থাৎ আপনার ট্রেনের নম্বর, নাম, কোচ নম্বর, বার্থ নম্বর, কী কী জিনিস ফেলে এসেছেন এসবই জানাতে হবে।

রেলের অপারেশন আমানত: সম্ভব হলে টিটিই বা কামরার অ্যাটেনডেন্টকেও বিষয়টি জানান। যত দ্রুত খবর পাবেন তত তাড়াতাড়ি ফেলে আসা মালপত্র উদ্ধার করে নিরাপদে রাখার ব্যবস্থা করতে পারবেন তাঁরা। এছাড়াও রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) ‘অপারেশন আমানত’। এই উদ্যোগের আওতায় ট্রেন বা স্টেশনে পড়ে থাকা যাত্রীদের মালপত্র উদ্ধার করে আরপিএফ। সংশ্লিষ্ট জিনিসপত্রের ছবি আপলোড করা হয় রেলের ওয়েবসাইটে।
আরও পড়ুন : ইমপ্ল্যান্ট, অ্যান্টিবায়োটিক কেনাই দায়! আয়ুষ্মান ভারতের রেট বাড়ানোর আবেদন হাসপাতাল সংগঠনের
কীভাবে ফেরত পাবেন: এই পরিস্থিতিতে পড়লে সংশ্লিষ্ট রেলওয়ে জোনের ওয়েবসাইটে গিয়ে ‘অপারেশন আমানত’ বিভাগটিতে যান। সেখানে নিজের ট্রেন ও যাত্রার তারিখ অনুযায়ী উদ্ধার হওয়া জিনিসপত্রের ছবি দেখুন। উদ্ধার হওয়া জিনিসপত্র আপনার হলে সংশ্লিষ্ট আরপিএফ পোস্টে যোগাযোগ করুন।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের প্রশংসা বিশ্ব আবহাওয়া সংস্থার! কী জানালেন মহাসচিব?
ট্রেনে হারানো জিনিস উদ্ধার করতে সংশ্লিষ্ট জিআরপি থানায় হারানো মালপত্রের লিখিত অভিযোগ জানান। জিনিস সংগ্রহ করতে যাওয়ার সময় আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র সঙ্গে রেখে দিন। জিনিস সংগ্রহ করতে গেলে ট্রেনের টিকিট বা যাত্রার প্রমাণ দেখাতে হতে পারে। ব্যাগের ভেতরে কী কী জিনিস ছিল সে বিষয়ে আরপিএফ আধিকারিকরা প্রশ্ন করতে পারেন। ভবিষ্যতে এই পরিস্থিতি এড়াতে ব্যাগে নাম ফোন নম্বরের ট্যাগ লাগিয়ে রাখতে পারেন।












