বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। এবার থেকে ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই একটি বড় নিয়মে বদল আনল অর্থ মন্ত্রক। এবার থেকে অফিসের কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপ (Laptop) চার বছর পর কর্মীরা নিজেদের কাছে রাখতে পারবেন। এর জন্য কোনও টাকা লাগবে না।
সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা | (Central Government Employees)
গত ১০ নভেম্বর ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার একটি নির্দেশিকা জারি করেছে। তাতে ২০২৩ সালের জুলাইয়ে চালু হওয়া পুরনো নিয়ম বাতিল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নতুন নিয়মে ডিভাইস কেনাকাটার সীমা বৃদ্ধি পেয়েছে। এবার আরও দামি ডিভাইস কিনতে পারবে সরকারি দফতরগুলি।

নতুন নিয়মে সর্বাধিক ১.৮ লক্ষ টাকার ডিভাইস কেনা যাবে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। এই দামের মধ্যে MacBook-এর বিভিন্ন মডেল চলে আসতে পারে। তবে ডিভাইসে ৪০ শতাংশের বেশি মেক ইন ইন্ডিয়া সামগ্রী থাকতে হবে। এই শর্ত পূরণ না হলে লিমিট কমে সর্বাধিক ১.৫ লক্ষ টাকায় নেমে আসবে। পাশাপাশি জুড়বে জিএসটি। তবে সফটওয়্যারের খরচ দুই ক্ষেত্রেই অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুনঃ নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর
এছাড়া নতুন নিয়মে ল্যাপটপ, ট্যাবলেট, নোটপ্যাড, আলট্রাবুক, নোটবুক সহ নানা ধরণের ডিভাইস কেনা যাবে। তবে সেই তালিকায় মোবাইল ফোন নেই। তবে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী এই সুবিধা পাবেন না। কারা পাবেন সেটাও স্পষ্ট জানানো হয়েছে।
এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন পে লেভেল ১২-এর আধিকারিকরা। তার উপরের স্তরের আধিকারিকরাও এই সুবিধা পাবেন। এই লেভেলের সব অনুমোদিত পদ এর আওতায় রয়েছে।
তবে পে লেভেল ৮ থেকে পে লেভেল ১১-এর কর্মীদের ক্ষেত্রে নিয়ম অবশ্য আলাদা। এক্ষেত্রে প্রথমে ৫০ শতাংশ পদের জন্য এই সুবিধা বরাদ্দ থাকবে। প্রয়োজনে সর্বোচ্চ ৭৫ শতাংশ অবধি এই সীমা বাড়ানো যেতে পারে। তবে সচিবের অনুমোদন লাগবে। পাশাপাশি আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে।
ডিভাইস সংক্রান্ত এই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারের মন্ত্রকগুলিতে কার্যকর হবে। এর আওতায় সব কেন্দ্রীয় দফতরও আসবে। সংযুক্ত অফিস ও অধীনস্থ অফিসও এই সুবিধা পাওয়ার যোগ্য।
নতুন নিয়ম অনুযায়ী, একটি ডিভাইস চার বছর অফিসের কাজে ব্যবহারের পর নিজের কাছে রাখতে পারবেন সরকারি কর্মীরা। তবে তার আগে যাবতীয় সরকারি তথ্য মুছে ফেলতে হবে। চার বছরের আগে চাকরি ছাড়লেও একই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রেও ডিভাইস রাখা যাবে। তবে নির্দিষ্ট মূল্য জমা করতে হবে। পাশাপাশি চার বছরের সময়সীমার মধ্যে কর্মীদের নতুন ডিভাইস দেওয়া হবে না। তবে পুরনো ডিভাইস যদি মেরামতের অযোগ্য হয়, তাহলে ছাড় পাওয়া যাবে।
সরকারি কর্মীদের সুবিধার্থে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। এবার ডিভাইস সংক্রান্ত নিয়মে বদল আনল অর্থ মন্ত্রক। কোন কর্মীরা নতুন নিয়মের সুবিধা পাবেন, কী কী সুবিধা পাওয়া যাবে তা নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে।












