বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্যাকেটজাত খাবারের বাজারে অন্যতম পরিচিত নাম হলদিরাম’স (Haldirams) এ বার শেয়ার বাজারে (Share Market) পা রাখার প্রস্তুতি শুরু করল সংস্থাটি। প্রাথমিক ভাবে ২০২৭ সালের শেষ দিকে আইপিও আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম ‘ইকনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়া পরিচালনা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ইওয়াই (EY)-কে। প্রকল্প পরিচালনার জন্য সংস্থাটিকে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বা পিএমও হিসেবে নিয়োগ করা হয়েছে।
এবার শেয়ার বাজারে হতে চলেছে হলদিরামের (Haldirams) ‘ডেবিউ’!
প্রস্তাবিত আইপিও-র অঙ্ক প্রায় ১০ হাজার কোটি টাকা হতে পারে বলে অনুমান। সেই সঙ্গে শেয়ার বাজারে তালিকাভুক্তির আগে হলদিরাম’স (Haldirams)-এর ভ্যালুয়েশন ১ লক্ষ কোটি টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। সংস্থার এক আধিকারিকের দাবি, পিএমও-র মাধ্যমে ইতিমধ্যেই তালিকাভুক্তির প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। তবে সংস্থার ব্যবসার বিস্তৃতি এবং জটিল কাঠামোর কারণে গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে ছ’মাস থেকে এক বছর, এমনকি তারও বেশি সময় লাগতে পারে। আইপিও-তে নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি বর্তমান শেয়ারহোল্ডারদের একাংশের শেয়ার বিক্রির সম্ভাবনাও রয়েছে। যদিও এ বিষয়ে সংস্থার সিইও কে কে চুতানি বা ইওয়াই-এর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
দিল্লির হলদিরাম স্ন্যাকস এবং নাগপুরের হলদিরাম ফুডস ইন্টারন্যাশনালের সংযুক্তির মাধ্যমে বর্তমান সংস্থাটি তৈরি হয়। এর অন্যতম আন্তর্জাতিক বিনিয়োগকারী টেমাসেক, আলফা ওয়েভ গ্লোবাল এবং এল ক্যাটারটন। ২০২৫ সালের মার্চ-এপ্রিল মাসে প্রথম দুই বিনিয়োগকারী এবং সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি সংস্থাটির প্রায় ১৫ শতাংশ অংশীদারিত্ব কেনে। পরে ডিসেম্বর মাসে বিনিয়োগ করে মার্কিন সংস্থা এল ক্যাটারটন। ওই সময়ের বিনিয়োগে হলদিরাম’স-এর ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল প্রায় ১০ বিলিয়ন ডলার বা ৮৫ হাজার কোটি টাকা।
আর্থিক দিক থেকেও সংস্থার পারফরম্যান্স নজরকাড়া। ক্রিসিল রেটিংসের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষের প্রথমার্ধে ৭,৭৬২ কোটি টাকা আয় করেছে হলদিরাম’স। অপারেটিং মার্জিন ছিল প্রায় ১৯ শতাংশ। পুরো অর্থবর্ষে আয় বৃদ্ধির হার ৯-১০ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজনেস ইন্টিগ্রেশন এবং মার্কিন শুল্কের জেরে রফতানি কমার মতো কিছু চ্যালেঞ্জ থাকলেও, আগামী দিনে বাজার সম্প্রসারণ ও নতুন পণ্যের হাত ধরে আয় বাড়বে বলে আশা।

আরও পড়ুন: লস্কর, জইশের পর এবার নতুন জঙ্গি সংগঠন! কাশ্মীরে হামলার দায় স্বীকার করে RSS-এর বিরুদ্ধে হুমকি
এ দিকে, আগামী দিনে ভারতের কনজিউমার গুডসের ক্ষেত্রেও একাধিক বড় আইপিও আসার সম্ভাবনা রয়েছে। কোকা-কোলা ইন্ডিয়া তাদের বোতলজাতকরণ ব্যবসা হিন্দুস্তান কোকা-কোলা হোল্ডিংসকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে। সংস্থাটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। ইতিমধ্যেই সেবির কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস জমা পড়েছে। ফলে হলদিরাম’স (Haldirams)-এর সম্ভাব্য আইপিও-র পাশাপাশি এই তালিকাভুক্তিও আগামী দিনে বিনিয়োগকারীদের নজর কাড়তে পারে।












