বাংলা হান্ট ডেস্কঃ ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির পর বর্তমানে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। নতুন বেতন কমিশন কার্যকর হলে তাঁদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য বদল আসতে পারে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কমিশনের কাছে পেনশন বৃদ্ধি নিয়ে বড় প্রস্তাব দিয়েছে একটি কর্মী সংগঠন।
পাঁচ গুণ বাড়তে পারে সরকারি কর্মীদের পেনশন | (Central Government Employees)
সম্প্রতি ভারত পেনশনার্স সমাজ নামে একটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন অষ্টম বেতন কমিশনের কাছে পেনশন বাড়ানোর প্রস্তাব রেখেছে। সংগঠনের দাবি, তাঁদের সঙ্গে ১০ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনার সদস্য রয়েছেন।

এদিকে সপ্তম বেতন কমিশনে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা নূন্যতম ৯ হাজার টাকা পেনশন পেতেন। অষ্টম বেতন কমিশনে তা বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে ভারত পেনশনার্স সমাজ। অর্থাৎ নূন্যতম পেনশন একধাক্কায় পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিধানসভার মতো লোকসভাতেও দুই আসনে লড়াই! ২৯-এর ভোট নিয়ে বড় পরিকল্পনা জানালেন হুমায়ুন
তবে সংশ্লিষ্ট কর্মী সংগঠনের এই প্রস্তাব কেবলই দাবি। এখনও অবধি কমিশনের তরফে কোনও চূড়ান্ত সুপারিশ করা হয়নি। কমিশন সুপারিশ করলে তা খতিয়ে দেখবে সরকার। কেন্দ্রের অনুমোদন মিললেই নূন্যতম পেনশন বাড়ানোর এই প্রস্তাব বাস্তবায়িত হতে পারে।
এছাড়া সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (NC-JCM) তরফে কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রেগুলার পেনশন বাড়িয়ে ৬৭ শতাংশ ও ফ্যামিলি পেনশন বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলিও এখনও চূড়ান্ত নয়।
বর্তমানে অষ্টম বেতন কমিশনের কাছে নানা দাবিদাওয়া ও প্রস্তাব রাখছে কর্মী সংগঠনগুলি। সেগুলি খতিয়ে দেখার পর চূড়ান্ত সুপারিশ করা হবে। এরপর কেন্দ্রীয় সরকার শিলমোহর দিলেই জানা যাবে কোন কোন প্রস্তাবগুলি বাস্তবায়িত হচ্ছে আর কোনগুলি হচ্ছে না।












