বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধি ও সংসারের খরচের সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনা প্রয়োজন। সেই কারণেই কমিশনের কাছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর এবং পে-লেভেলে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলি মানা হলে নির্দিষ্ট স্তরের কর্মীদের বেতন অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) লেভেল-৩ বেতন নিয়ে কী প্রস্তাব?
অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে একাধিক সুপারিশ জমা দিয়েছে বিভিন্ন কর্মী সংগঠন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেতন কাঠামো নতুন করে সাজানো প্রয়োজন। কর্মী সংগঠনের প্রস্তাব অনুযায়ী, প্রতি পরিবারের পাঁচ জন সদস্যকে ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করা উচিত। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের বর্তমান লেভেল ৪ এবং লেভেল ৫-কে একত্রিত করারও সুপারিশ করা হয়েছে।
বর্তমানে লেভেল ৪ ও ৫-এর বেতন ২৯,২০০ টাকা থেকে ৯২,০০০ টাকার মধ্যে রয়েছে। এই দুই স্তর একত্রিত হলে নতুন কাঠামোয় সেটিকে লেভেল ৩ হিসেবে ধরা হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে নতুন লেভেল ৩-এ ন্যূনতম বেতন ১ লক্ষ ১২ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে দাবি করেছে কর্মী সংগঠনগুলি। হিসাব অনুযায়ী, ২৯,২০০ টাকার উপর ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে বেতন প্রায় ১.১২ লক্ষ টাকায় পৌঁছতে পারে।
শুধু ন্যূনতম বেতনই নয়, সর্বোচ্চ বেতনেও বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে ৯২ হাজার টাকা পর্যন্ত থাকা বেতন একই ফিটমেন্ট ফ্যাক্টরে হিসাব করলে তা প্রায় ৩ লক্ষ ৫২ হাজার ৬৬৩ টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা হচ্ছে, এগুলি এখনও শুধুমাত্র কর্মী সংগঠনগুলির সুপারিশ। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এই প্রস্তাবগুলি গ্রহণ করবে কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কর্মী সংগঠনগুলির মতে, গ্রুপ-সি কর্মীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম বেতন ৬৯ হাজার টাকা ধরা হয়েছে। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকার সঙ্গে সেই অঙ্কের অনুপাত ধরেই ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশে বড় বদলের ইঙ্গিত! ‘স্মার্ট পুলিশিং’ থেকে ATS মডেল, নিরাপত্তায় শাহের নতুন রূপরেখা
এদিকে, কেন্দ্র ২০২৫ সালের নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়ম অনুযায়ী, কমিশনকে ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে হবে। সেই হিসাবেই ২০২৭ সালের মে মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।













