বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সরকারি কর্মীদের মধ্যে আলোচনা চলছে। তবে শুধু কর্মরত কর্মীরাই নন, অবসরপ্রাপ্তদেরও নজর রয়েছে এই কমিশনের দিকে। কারণ, নতুন বেতন কমিশন চালু হলে পেনশনের টাকাও বাড়তে পারে। একটি হিসেব অনুযায়ী, বর্তমানে ২৫ হাজার টাকা বেসিক পেনশন পেলে তা বেড়ে ৬৮,৭৫০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই টাকা নিশ্চিত নয়। সরকার এখনও পেনশন বৃদ্ধি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
8th Pay Commission : কীভাবে ঠিক হয় পেনশনের টাকা?
বর্তমান নিয়মে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী অবসরের আগে শেষ যে মূল বেতন পান, অথবা শেষ ১০ মাসের গড় মূল বেতন কত ছিল, তার মধ্যে যেটি বেশি, তার অর্ধেক টাকা পেনশন হিসেবে ধরা হয়। যেমন, কারও শেষ মূল বেতন ১ লক্ষ টাকা হলে তাঁর বেসিক পেনশন হবে ৫০ হাজার টাকা। আবার শেষ মূল বেতন ৪০ হাজার টাকা হলে পেনশন হবে ২০ হাজার টাকা। এর পাশাপাশি পেনশনাররা ডিয়ারনেস রিলিফ বা ডিআর, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও পান।

২৫ হাজার টাকা পেনশন বেড়ে কত হতে পারে?
অষ্টম পে কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর কত রাখা হবে, তার উপর পেনশন বৃদ্ধির অঙ্ক নির্ভর করছে। আপাতত তিনটি ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করা হয়েছে।
- ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হলে ২৫ হাজার টাকার পেনশন বেড়ে হতে পারে ৫২,৫০০ টাকা।
- ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে পেনশন হতে পারে ৬৪,২৫০ টাকা।
- ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭৫ হলে পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা।
অর্থাৎ, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭৫ হলে ২৫ হাজার টাকার বেসিক পেনশন বেড়ে প্রায় ৬৯ হাজার টাকা হতে পারে।
আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় খবর, এক ধাক্কায় বাড়ল মাসিক বেতন
কোন হিসেব ধরে এই টাকা বলা হচ্ছে?
এই হিসেব করার সময় প্রতি বছর ৫,০০০ টাকা করে বেতন বাড়ার বিষয়টি ধরা হয়েছে। সেই অনুযায়ী ২৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত বেসিক পেনশনের সম্ভাব্য অঙ্ক হিসেব করা হয়েছে। ৫০ শতাংশ হারে পেনশন ধরলে এই অঙ্কগুলি শেষ মূল বেতন ৫০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে হলে মিলতে পারে।
তবে একটা বিষয় মনে রাখা দরকার, এই হিসেব সম্পূর্ণ সম্ভাবনার উপর ভিত্তি করে করা হয়েছে। অর্থাৎ, কারও পেনশন যে নিশ্চিতভাবে ৬৮,৭৫০ টাকা হবে, এমনটা নয়। কর্মী সংগঠনগুলির প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ধরে এই হিসেব করা হয়েছে। অষ্টম পে কমিশনে (8th Pay Commission) শেষ পর্যন্ত কত ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হবে, তা এখনও জানায়নি কেন্দ্রীয় সরকার। তাই পেনশন কতটা বাড়বে, তা জানতে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।












