বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে এতদিন ধরেই নানা প্রশ্ন ঘুরছিল সরকারি কর্মচারীদের মনে। কবে থেকে নতুন বেতন চালু হবে, কতটা বাড়বে বেতন, এসব নিয়ে জল্পনা ছিলই। এবার সেই বিষয়ে কিছুটা স্পষ্টতা এল কেন্দ্রের তরফে। সংসদে জানানো হয়েছে, কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। তবে সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, তা নিয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়েছে সরকার।
কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)?
সংসদে বক্তব্য রাখতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, অষ্টম বেতন কমিশনকে (8th Pay Commission) তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কমিশনকে সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট জমা পড়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই কমিশন কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে অনুমান করা ঠিক নয় বলেই জানানো হয়েছে।
বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের সময় কর্মীদের বেতন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। অন্যদিকে সপ্তম বেতন কমিশনে এই বৃদ্ধি ছিল প্রায় ২৩ থেকে ২৫ শতাংশের মধ্যে, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই হিসেবেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এবারও বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও পরিষ্কার নয়।
শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আসতে পারে। মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং ভ্রমণ সংক্রান্ত ভাতা নতুন করে নির্ধারণ করা হতে পারে। এতে কর্মচারীদের মাসিক আয় যেমন বাড়বে, তেমনই জীবনযাত্রার মানও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন, তাদের জন্যও এই কমিশন (8th Pay Commission) বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে। বর্ধিত বেতন কাঠামো ও উন্নত সুযোগ-সুবিধা সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
মূল বেতনের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে ন্যূনতম মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বর্তমান ১৮,০০০ টাকা থেকে তা বেড়ে প্রায় ৪১,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

আরও পড়ুনঃ
অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই পরিবর্তনের বাইরে থাকবেন না। পেনশন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, যা তাঁদের আর্থিক অবস্থাকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে (8th Pay Commission)।












