বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে বেতন-পেনশন কতটা বাড়বে, তা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তা নিয়েই আগ্রহ বেশি। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেতন কি সত্যিই দ্বিগুণ হবে? এই প্রশ্নের উত্তর জানতে আগের বেতন কমিশনের হিসাবও দেখা হচ্ছে।
অষ্টম বেতন কমিশন নিয়ে (8th Pay Commission) কর্মী-পেনশনভোগীদের সঙ্গে বৈঠক চলছে
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) বিভিন্ন জায়গায় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সঙ্গে বৈঠক করছে। সেখানে তাঁদের দাবি ও সমস্যার কথা শোনা হচ্ছে। সেই মতামতের ভিত্তিতেই কমিশন রিপোর্ট তৈরি করে সরকারের কাছে জমা দেবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললে তা কার্যকর হবে।
বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। কারণ এর ভিত্তিতেই নতুন বেসিক বেতন ও পেনশনের হিসাব তৈরি হয়। এখনও সরকার ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এটি ২.০ থেকে ৩.০-এর মধ্যে হতে পারে বলে আলোচনা রয়েছে। অনেকের ধারণা, ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে মোট বেতনও দ্বিগুণ হবে। কিন্তু বাস্তবে হিসাবটা এমন নয়।
২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে কী হবে বেতন?
আগের বেতন কমিশনের হিসাব দেখলে বিষয়টি পরিষ্কার হয়। ষষ্ঠ বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সেই সময় গড় গ্রস স্যালারি বেড়েছিল প্রায় ৫৪ শতাংশ। আবার সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। কিন্তু মোট বেতন বেড়েছিল প্রায় ১৪.২৯ শতাংশ। এর মধ্যে মহার্ঘ ভাতা-সহ অন্যান্য বিষয়ও যুক্ত ছিল।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে বেসিক বেতন ও পেনশন দ্বিগুণ হতে পারে। তবে মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা যোগ করার পর মোট বেতন দ্বিগুণ হবে না। Economic Times-এর মতে, BankBazaar-এর অনুমান অনুযায়ী ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে মোট বেতন প্রায় ৩১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
২৫,৫০০ টাকার বেসিক হলে কত হবে?
ধরা যাক, কারও বর্তমান বেসিক বেতন ২৫,৫০০ টাকা। ৬০ শতাংশ মহার্ঘ ভাতা এবং ২৪ শতাংশ অন্যান্য হিসাব ধরলে তাঁর মোট বেতন ৪৮,৪৫০ টাকা। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন বেসিক বেতন হতে পারে ৫১,০০০ টাকা। সবকিছু মিলিয়ে মোট বেতন দাঁড়াতে পারে প্রায় ৬৩,২৪০ টাকা।

আরও পড়ুনঃ ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়, মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে SSC-পর্ষদ
অর্থাৎ, ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেসিক বেতন ও পেনশনে বড় বৃদ্ধি হতে পারে। তবে মোট বেতন সরাসরি দ্বিগুণ হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) রিপোর্ট এবং সরকারের অনুমোদনের পরই পরিষ্কার হবে।













