বাংলাহান্ট ডেস্ক: ফের বাংলাদেশের পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif)। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠতা নতুন মাত্রা পাচ্ছে। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে কোনও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, আর সেই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তানও। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ভেবেচিন্তেই করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এই যুগ্ম অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রীড়া রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ফের বাংলাদেশের পাশে থাকার বার্তা শাহবাজ শরিফের (Shehbaz Sharif)
পাকিস্তান সরকারের পরামর্শেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচ না খেলার কথা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচটি হওয়ার কথা ছিল। করাচিতে একটি সরকারি বৈঠকের পর শাহবাজ় শরিফ বলেন, ‘‘টি২০ বিশ্বকাপে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে আমরা ম্যাচ খেলব না। খেলার মাঠে রাজনীতির কোনও জায়গা নেই।’’ তাঁর কথায়, বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব এবং এই সিদ্ধান্ত সময়োপযোগী।
আরও পড়ুন: মর্মান্তিক! মেঘালয়ের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ১৬ জন শ্রমিক
পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সমাজমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘‘ধন্যবাদ পাকিস্তান।’’ এই ঘটনাপ্রবাহের সূত্রপাত হয়েছিল আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। তার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, এমন পরিস্থিতিতে তারা ভারতে টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় আইসিসি-কে।
বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষের দাবি ছিল, ভারতের মাটিতে আইপিএল চলাকালীন যদি তাদের এক জন ক্রিকেটার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন, তা হলে গোটা দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো ঝুঁকিপূর্ণ। তবে আইসিসি সেই দাবি মানেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তের পরই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! বদলে গেল UPSC-র একাধিক নিয়ম, আবেদন করার আগে অবশ্যই নিন জেনে
ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ‘হাই প্রোফাইল’ লড়াই হিসেবে পরিচিত, যা থেকে বিপুল বাণিজ্যিক আয় নিশ্চিত থাকে। সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। তবুও শাহবাজ় শরিফ আবারও স্পষ্ট করেছেন, পাকিস্তান তাদের অবস্থান বদলাবে না। তাঁর বক্তব্যে পরিষ্কার, ক্রিকেটের বাইরেও কূটনৈতিক সমীকরণ এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে, যা আসন্ন বিশ্বকাপকে ঘিরে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।













