বাংলা হান্ট ডেস্কঃ মেসিকে ঘিরে বিতর্কিত ঘটনার তদন্তে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। গ্রেফতারির আশঙ্কায় তিনি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন। বুধবার মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। তবে এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে গ্রেফতারের মতো কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মেসিকাণ্ডে কী নির্দেশ দিল আদালত (Calcutta High Court)?
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানায়, তদন্তের কাজ চলবে এবং পুলিশ যখন ডাকবে তখন অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। তবে হাজিরার অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে, তদন্তে কোনও বাধা দেওয়া যাবে না। অরূপ বিশ্বাসকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।
অরূপ বিশ্বাসের উপর কড়া শর্ত
হাই কোর্ট (Calcutta High Court) অরূপ বিশ্বাসের জন্য কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। এছাড়া মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা ভয় দেখানো যাবে না।
তদন্তে কী নির্দেশ পেল পুলিশ?
আদালত (Calcutta High Court) জানিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত চলবে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তবে তদন্ত চললেও অরূপ বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না।
শুনানিতে ক্ষোভ প্রকাশ বিচারপতির
শুনানির সময় গোটা ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, মেসিকে ঘিরে যা ঘটেছে তা রাজ্যের ভাবমূর্তির পক্ষে ভালো বার্তা দেয়নি। বিচারপতির প্রশ্ন, কীভাবে অরূপ বিশ্বাস এতটা কাছে পৌঁছে মেসির সঙ্গে ছবি তুললেন এবং এতে নিরাপত্তা ব্যবস্থার কোনও সমস্যা তৈরি হয়নি কি?
তিনি আরও বলেন, দেশের অন্য জায়গাতেও মেসি গিয়েছেন, কিন্তু এমন ঘটনা কোথাও ঘটেনি। সেই দিন মাঠে উপস্থিত বহু সমর্থক শেষ পর্যন্ত হতাশ হয়েছিলেন বলেও মন্তব্য করেন বিচারপতি।
আদালতে কী সওয়াল করল রাজ্য?
রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, অরূপ বিশ্বাস প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বা তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। আগেও পুলিশ নোটিস পাঠিয়েছিল, কিন্তু তিনি সাড়া দেননি বলেও আদালতে (Calcutta High Court) জানানো হয়। অন্যদিকে অরূপ বিশ্বাসের আইনজীবী বলেন, আদালত সুরক্ষা দিলে তাঁর মক্কেল তদন্তে যোগ দিতে প্রস্তুত।

আরও পড়ুনঃ পুরনো মন্তব্যে বিপাকে ফিরহাদ? ধর্মীয় উস্কানির অভিযোগ, উঠল গ্রেফতারের দাবি
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত (Calcutta High Court) জানায়, এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। বিচারপতি আরও উল্লেখ করেন, ঘটনাটি ২০২৫ সালের ডিসেম্বর মাসের হলেও অভিযোগ দায়ের হয়েছে প্রায় ছয় মাস পরে। সেই পরিস্থিতিতে এখন সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।














