বাংলা হান্ট ডেস্ক: অবসর গ্রহণের পরেও যাতে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকা যায় সেই লক্ষ্যেই অধিকাংশ চাকরিজীবী সময় থাকতে বিনিয়োগের প্রতি মনোযোগ দেন। এমতাবস্থায়, পোস্ট অফিসের (Post Office) সরকার-সমর্থিত স্মল সেভিংস স্কিমগুলি নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্ন প্রদান করে। এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম তথা POMIS এবং সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম তথা SCSS। তবে, বিনিয়োগ করার আগে উভয় স্কিমের রিটার্ন, কর সুবিধা এবং টাকা তোলার নিয়মকানুন বুঝে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এর পাশাপাশি কোন স্কিমটি বেশি লাভজনক সেটিও জেনে রাখা ভালো। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন স্কিমটি (Post Office) বেশি লাভজনক?
POMIS এবং SCSS-এ কত টাকা বিনিয়োগ করতে পারেন: প্রথমেই জানিয়ে রাখি, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা পর্যন্ত। এদিকে, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে হয়। তবে একজন ব্যক্তি মোট ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই স্কিমটি বিশেষভাবে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। ৫৫ থেকে ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিছু শর্ত সাপেক্ষে এতে বিনিয়োগ করতে পারেন।

কোন স্কিমে বেশি সুদ পাওয়া যায়: বর্তমানে, POMIS-এ বার্ষিক ৭.৪ শতাংশ সুদ এবং SCSS-এ বার্ষিক ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়। এদিকে, উভয় স্কিমের মেয়াদ ৫ বছর হলেও সুদ প্রদানের পদ্ধতি ভিন্ন। POMIS-এ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে প্রতি মাসে সুদ জমা হয়। অপরদিকে, SCSS-এ প্রতি ত্রৈমাসিকে সুদ প্রদান করা হয়। উচ্চ সুদের হারের কারণে SCSS বিনিয়োগকারীদের আরও ভালো রিটার্ন দিতে সক্ষম। যদি কোনও বিনিয়োগকারী একটি যৌথ POMIS অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি বার্ষিক প্রায় ১.১১ লক্ষ টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা। অপরদিকে, SCSS-এ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে প্রায় ২.৪৬ লক্ষ টাকা পাওয়া সম্ভব। অর্থাৎ প্রতি মাসে প্রায় ২০,৫০০ টাকা।
ম্যাচুরিটির পূর্বে টাকা তোলার নিয়মাবলি: উভয় স্কিমেই ম্যাচুরিটির পূর্বে টাকা তোলার সুযোগ রয়েছে। কিন্তু এর জন্য জরিমানা প্রযোজ্য। POMIS-এ, এক বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। অপরদিকে, SCSS-এর ক্ষেত্রে এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা হলে সুদের সুবিধা পাওয়া যায় না।
আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ থেকে ভারতে হামলার ষড়যন্ত্র করছে হামাস? ইজরায়েলের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ
কর ছাড়ের ক্ষেত্রে কোন স্কিম এগিয়ে আছে: POMIS থেকে অর্জিত সুদ সম্পূর্ণরূপে করযোগ্য এবং এই বিনিয়োগের ওপর কোনও কর ছাড় নেই। অপরদিকে, SCSS-এ বিনিয়োগ করলে আয়কর আইন অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। তবে, এই স্কিম থেকে অর্জিত সুদ করযোগ্য।
আরও পড়ুন: ‘একমেবাদ্বিতীয়ম্’, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে অনবদ্য নজির মেসির, তৈরি নয়া ইতিহাস
কোনটি বেশি ভালো বিকল্প: বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদের হার, বৃহত্তর বিনিয়োগের সীমা এবং কর সুবিধার কারণে অবসরপ্রাপ্তদের জন্য SCSS একটি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে, যাঁরা একটি নির্দিষ্ট মাসিক আয় পেতে চান, সেইসব বিনিয়োগকারীদের জন্য POMIS উপযোগী। সামগ্রিকভাবে, আর্থিক প্রয়োজন অনুযায়ী উভয় প্রকল্পই ভারসাম্যপূর্ণভাবে ব্যবহার করা যেতে পারে।
















