বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। গত আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে নিজের দলকে তুলেছিলেন ফাইনাল অবধি। আগামী বিশ্বকাপে তার নেতৃত্বেই মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তারপর আফগানিস্থানের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজেও তিনি ব্যাট হাতে রয়েছেন দুর্দান্ত ছন্দে। আর বুধবারের ম্যাচে শতরান করা মাত্রই তিনি একটি বিশেষ ক্রমতালিকায় ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে (Virat Kohli)।
২০২২ সাল থেকে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের জার্সিতে নিয়মিত হয়ে উঠেছেন শুভমান গিল। শিখর ধাওয়ানের জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে। আর সেই সুযোগ দুই হাতে গ্রহণ করেছেন তিনি। আফগানিস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য শতরান করেছেন গিল।

আর সেই শতরানটি ছিল ভারতীয় ওডিআই জার্সিতে তার নবম শতরান। ভারতের হয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৯ টি শতরানের মালিক হয়েছেন গিল। মাত্র ৬৩ টি ওডিআই ইনিংস খেলে এদিন এই রেকর্ড গড়েছেন। বিরাট কোহলির (৭৬ ইনিংস) পাশাপাশি তিনি পেছনে ফেলেছেন যেই শিখর ধাওয়ানের বদলে তাকে প্রথম ওডিআই দলে সুযোগ দেওয়া হয়েছিল তাকেই। এর আগে ৭২ ইনিংসে ৯ টি শতরান করে এই রেকর্ড নিজের নামে করে রেখেছিলেন গব্বর।
আরও পড়ুন: নেতৃত্ব বাঁধা হচ্ছে না! ম্যাচের সেরা হয়ে ভারতকে সিরিজ জেতানোর পর বড় সম্মান পাচ্ছেন শুভমান গিল
তবে শুধু এই ক্ষেত্রে নয়, আরও একটি বিশেষ ক্ষেত্রে কোহলিকে টেক্কা দিয়েছেন গিল। তিনি ২০২২ সালে ভারতীয় দলে নিয়মিত হওয়ার পর মোট ৯ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কোহলি। এদিন তার চেয়ে কম ম্যাচ খেলে ওই নির্দিষ্ট সময়ে ৯ বার ম্যাচের সেরা হওয়ার সম্মান পেয়ে বিরাটকে ধরে ফেললেন শুভমান।
আরও পড়ুন: গম্ভীরের হাতে এলো নতুন অস্ত্র! কোহলি বা রোহিত নন, এই তারকাকে কাজে লাগিয়ে জিতবেন বিশ্বকাপ
আগামী ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে শুভমান গিলের কাঁধেই। তার আগে দলের প্রয়োজনে আফগানিস্থানের বিরুদ্ধে ৩ নম্বরে নেমে শতরান করে শুভমান বুঝিয়ে দিলেন যে বিরাট কোহলির জায়গা নিতেও প্রস্তুত তিনি। এই মুহূর্তে পেশির চোটের কারণে দলে নেই বিরাট কোহলি। অনেকেই মনে করছেন যে ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তারপরে দল চাইলে তিন নম্বর পজিশনের দায়িত্ব সামলাতে প্রস্তুত থাকবেন গিল।













