প্রথম সিরিজেই বুমরাকে টপকে গেলেন গুরনূর ব্রার! ভেঙে দিলেন ভারতীয় দলের পুরোনো রেকর্ড

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুর্দান্ত পারফরম্যান্স করে আফগানিস্থানের বিরুদ্ধে ৩-০ ফলে সিরিজ জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতের তারুণ্যে ভরা বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি অনভিজ্ঞ আফগান ব্যাটিং অর্ডার। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) সহ অন্যান্য অভিজ্ঞ তারকা বোলারদের অভাব বোঝাই যায়নি গোটা সিরিজে। আর ভারতের এই বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন ২৬ বছর বয়সী ফাস্ট বোলার গুরনূর ব্রার (Gurnoor Brar)।

ভারতের নতুন গতিদানব:

এই সিরিজেই ভারতের জার্সিতে অভিষেক ঘটেছে পাঞ্জাব তনয়ের। বল হাতে ২২ গজে রীতিমতো আগুন ঝড়িয়েছেন তিনি। প্রতিটি ম্যাচের প্রথম স্পেলে নিয়মিত ঘন্টায় ১৪৫ কিমি-র বেশি গতিবেগে বোলিং করে ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। তার আগুনে পেসের সামনে রীতিমতো অস্বস্তিতে দেখিয়েছে আফগানদের।

নিজের অভিষেক সিরিজে কৃপণ বোলিং করার পাশাপাশি তিনি মোট ৭ উইকেট তুলেছেন। প্রথম ম্যাচে ধর্মশালায় মাত্র ২৭ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। এরপর লখনৌয়ের একানা স্টেডিয়ামে ৬০ রান খরচ করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন গুরনূর। এরপর শেষ ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণর দাপটের মধ্যেও ৪৯ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।

আরও পড়ুন: মাথায় বাজ পড়লো কোহলিদের! চোটের কারণে ইংল্যান্ড সফরের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন এই মহাতারকা

এর ফলে নিজের অভিষেক সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হলেন গুরনূর ব্রার। এর আগে এই রেকর্ড ছিল যুজবেন্দ্র চাহালের দখলে। নিজের অভিষেক সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ উইকেট নিয়ে সেই রেকর্ড ভাঙলেন ব্রার। এই রেকর্ডের ধারে কাছে নেই এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বোলার যশপ্রীত বুমরা। নিজের অভিষেক সিরিজে মাত্র ২ উইকেট পেয়েছিলেন বুমরা।

আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

এবার ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা বুমরার সাথে জুটি বাঁধবেন ব্রার। প্রায় ৩ বছর পর ভারতীয় ওডিআই দলে ফিরছেন তারকা পেসার। জুলাইয়ে ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজে ভারতের দুই গতিদানব ব্রিটিশদের কতটা সমস্যায় ফেলবে তা নিয়ে এখন থেকেই উৎসুক ভারতীয় ভক্তরা।