বাংলা হান্ট ডেস্ক : ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের আরও বেশি মানুষকে প্রাতিষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ডিজিটাল ইন্ডিয়া দিবস উপলক্ষে ব্যাঙ্ক জানিয়েছে, সমাজের এমন শ্রেণির মানুষের কাছে সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়াই তাদের অন্যতম অগ্রাধিকার।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) গ্রাহকদের জন্য সুযোগ
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত আবেদন, কম নথিপত্র এবং সহজ শর্তে ঋণ প্রদান করে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে ব্যাঙ্ক। বিশেষ করে কমিউনিটি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উপর জোর দেওয়া হয়েছে।যাঁরা প্রতিদিন গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করলেও ব্যাঙ্ক ঋণের সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হন। সেই লক্ষ্যেই PNB শ্রম সাথী এবং PM e-SVANidhi প্রকল্পকে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এই প্রকল্পটি তৈরি করা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং সরকার-সমর্থিত সংস্থায় কর্মরত ফ্রন্টলাইন কর্মীদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সাফাইকর্মী, মিড-ডে মিল প্রস্তুতকারীরা, বনকর্মী এবং জনস্বার্থে বিভিন্ন পরিষেবা প্রদানকারী কর্মীরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।যোগ্য আবেদনকারীরা কোনও গ্যারান্টার ছাড়াই ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। এই ঋণের জন্য কোনও প্রসেসিং চার্জ দিতে হবে না। পাশাপাশি ঋণ শোধ করার জন্য সর্বাধিক ৩৬ মাস পর্যন্ত সময় পাওয়া যাবে, ফলে মাসিক কিস্তির চাপও তুলনামূলকভাবে কম থাকবে।
এই প্রকল্পে প্রথমে ৫ হাজার টাকা থেকে শুরু করে ধাপে ধাপে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে পরবর্তী ধাপে আরও বেশি অর্থের ঋণ মঞ্জুর হওয়ার সুযোগ থাকে। এছাড়া যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে কোনও প্রসেসিং ফি বা অতিরিক্ত মার্জিনের প্রয়োজন হয় না। ফলে ছোট ব্যবসায়ীরা সহজেই ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসা আরও প্রসারিত করতে পারেন।

আরও পড়ুন :কার সঙ্গে হয়েছিল গোপন যোগাযোগ? দেবরাজের ডিলিট চ্যাট নিয়ে তোলপাড়
এই উদ্যোগ প্রসঙ্গে PNB-র ডিজিটাল ব্যাঙ্কিং ট্রান্সফরমেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন,”ডিজিটাল ইন্ডিয়া শুধুমাত্র প্রযুক্তির বিষয় নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের কাছে আর্থিক পরিষেবাকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক এবং ক্ষমতায়নমূলক করে তোলাই এর মূল উদ্দেশ্য। PNB ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করতে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মানুষের কাছে সহজে প্রাতিষ্ঠানিক ঋণ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মূল উদ্দেশ্য প্রযুক্তির সুবিধাকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করা। সহজ শর্তে ঋণ, ডিজিটাল আবেদন ব্যবস্থা এবং ক্ষুদ্র আয়ের মানুষকে প্রাতিষ্ঠানিক আর্থিক পরিষেবার আওতায় আনার উদ্যোগ ভবিষ্যতে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে।













