বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে ডিম (EGGS)। একদিকে খাওয়ার চাহিদা অন্যদিকে বিক্ষুব্ধ জনতার ডিম ছুড়ে মারার চাহিদাও তুঙ্গে। বেশ কিছুদিন ধরে প্রতিনিয়তই হুড়মুড়িয়ে বাড়ছে ডিমের দাম। বাজারে বর্তমানে সাড়ে আট টাকা পিস ডিম বিক্রি হচ্ছে। এদিকে জলপাইগুড়িতে (Jalpaiguri) সেই ডিমই মিলছে মাত্র দু’টাকায়! সত্যি নাকি?
মাত্র ২ টাকা পিস ডিম জলপাইগুড়িতে | EGGS
মাত্র দু’টাকা পিস ডিম পাওয়া যাচ্ছে জলপাইগুড়িতে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সকাল থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ডিম নিচ্ছেন সাধারণ মানুষ। ডিম নিয়ে যাতে আবার কোনো ঝামেলা না হয়, সেই কারণে কুপন দিয়ে লাইনে দাঁড় করানো হচ্ছে।
কেবল দু’টাকা নয়, পাশাপাশি মিলছে ৪ টাকা ও ৬ টাকা পিসের ডিমও। আর সেই ডিম নিতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। শয়ে শয়ে ডিম বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তে। তবে রোজ মিলছে না। শুধুমাত্র বৃহস্পতিবার করে পাওয়া যাচ্ছে ২, ৪ ও ৬ টাকার ডিম। যা নিতে হুড়োহুড়ি লেগে যাচ্ছে রীতিমতো।
আসলে বাজারের চেয়ে অনেক সস্তায় ডিম মিলছে রাজ্য সরকারের মোহিতনগরের পোল্ট্রি ফার্মে। বর্তমানে দেওয়া সাক্ষাতকারে সেখানের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা প্রদীপকুমার সাহা বলেন, সরকারিভাবে সেই ফার্মে ডিমের দাম ৬ টাকা রয়েছে। তবে মুরগি যখন প্রথম ডিম পাড়তে শুরু করে, তখন ডিমের সাইজ একটু ছোটো ছোটো হয়, সেই ডিমগুলিই ৪ টাকা পিস বিক্রি করছেন তারা।

আরও পড়ুন: মহাকাশে নয়া ইতিহাস গড়বে ভারত! তৈরি হবে নিজস্ব স্পেস স্টেশন, ভবিষ্যতের পরিকল্পনা জানালেন মোদী
আর দু’টাকা পিস ডিমের কী রহস্য? প্রদীপকুমারবাবু জানান, অনেক সময় মুরগির পায়ের চাপে কিংবা তাদের ঠোঁটের আঘাতে বা ফার্মে ডিম সংগ্রহের সময় ডিমের খোসা সামান্য ভেঙে গিয়ে থাকে। সেসব ডিমই তারা কুপন দিয়ে ২ টাকা পিস বিক্রি করে থাকেন। আর সপ্তাহে একদিন সেই ডিম নিতে রীতিমতো ঢল নামে ক্রেতাদের।

















