জাতীয় গানের অসম্মানে ৩ বছরের জেল, ‘বন্দে মাতরম’ নিয়ে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

Published on:

Published on:

Vande Mataram Insult May Lead to 3-Year Jail Term Centre Plans New Law
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram) নিয়ে কেন্দ্র সরকারের বড় একটি সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। জাতীয় গানকে আরও বেশি গুরুত্ব দেওয়া এবং তার মর্যাদা বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে এ নিয়ে একটি বিল আনা হতে পারে। বিলটি পাস হলে ‘বন্দে মাতরম’-এর অবস্থান ও গুরুত্ব নিয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

বন্দে মাতরম (Vande Mataram) নিয়ে বিল আনছে কেন্দ্র সরকার

সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্র সরকার ‘প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল’ পেশ করতে পারে। এই বিলে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান আইনি মর্যাদা দেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে। এখনও পর্যন্ত জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা বা সংবিধানকে অসম্মান করলে ১৯৭১ সালের আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা বা দু’টিই হতে পারে। নতুন সংশোধনী কার্যকর হলে একই শাস্তির বিধান ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এদিকে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গত কয়েক মাস ধরেই কেন্দ্র ও বিজেপি গানটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও কর্মসূচিতে জাতীয় গানকে বেশি করে তুলে ধরার উদ্যোগও দেখা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল, যেখানে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশিত হবে, সেখানে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানোর ব্যবস্থাও রাখতে হবে।

এরপর জুলাই মাসে রাজ্যগুলির মুখ্যসচিবদের কাছে পাঠানো আরেকটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, কোনও অনুষ্ঠানে যদি ‘বন্দে মাতরম’ এবং ‘জন গণ মন’—দু’টিই পরিবেশিত হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাইতে বা বাজাতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক মিলিয়ে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে সম্পূর্ণ গান পরিবেশন করার উপর জোর দিতে হবে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ সালে। পরে ১৮৮২ সালে তাঁর উপন্যাস আনন্দমঠ-এ গানটি প্রকাশিত হয়। স্বাধীনতা আন্দোলনের সময়ও এই গান বিশেষ গুরুত্ব পেয়েছিল। তবে গানটির সব স্তবক নিয়ে অতীতে বিতর্কও হয়েছে। ১৯৩৭ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল, দলীয় সভায় শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়া হবে। কারণ, পরবর্তী কয়েকটি স্তবকে হিন্দু দেবীর উল্লেখ থাকায় মুসলিম সমাজের একাংশ আপত্তি তুলেছিল।

Possible Modi Cabinet Reshuffle New Faces May Get Key Roles

আরও পড়ুনঃ OBC মামলা থেকে সরে রাজ্য, এবার কি খুলছে নিয়োগের জট? ৭ দিনের ডেডলাইন নবান্নের

বর্তমানে বিজেপি সম্পূর্ণ ছয়টি স্তবক গাওয়ার পক্ষে মত দিচ্ছে। সেই কারণেই সাম্পতিক নির্দেশিকায় পুরো গান পরিবেশনের উপর জোর দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। নতুন বিল সংসদে পাস হলে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর আইনি মর্যাদা ও সুরক্ষা আরও অনেকটাই বাড়বে।