বাংলা হান্ট ডেস্ক: NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) হওয়ার ঘটনায় রীতিমতো একজোট হয়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন গোটা দেশের তরুণ সমাজ। ককরোচ জনতা পার্টির শুরু হওয়া প্রতিবাদে সারা দিতে শুরু করেছে একাধিক শহরের পড়ুয়ারা, এমনকি কলকাতাও বাদ পড়েনি। এই উত্তাল পরিস্থিতিতে ইতিমধ্যেই এ প্রসঙ্গে মন্তব্য করতে শুরু করেছেন বিনোদন জগতের তারকারা। আর এবার এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করে পোস্ট করলেন টলিউড অভিনেতা দেব (Dev)।
দিল্লি যন্তর-মন্তরে হাওয়া এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করে ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিৎ। তারপরেই এবার নীরবতা ভাঙলেন বাংলার অভিনেতা-সাংসদ দেব। বিগত কয়েকদিন ধরে চলতে থাকা এই ছাত্র আন্দোলন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা পোষ্ট করে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছাত্র-ছাত্রীদের আবেদনটি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করেছেন দেব।
দীর্ঘ ওই পোস্টের শুরুতে দেব জানিয়েছেন তিনি অনেকদিন ধরেই লক্ষ্য করছেন দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা পথে নেমে আন্দোলন করছেন। তাই ছাত্র-ছাত্রীদের পক্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দেব অনুরোধ করেছেন, ‘তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই ওদের কথা সহানুভুতি আর সমবেদনার সাথে শোনা উচিত।’
আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের দায়ে কড়া পদক্ষেপ! ৪৭ আধিকারিকে বরখাস্ত করে পুনর্গঠন শুরু করল NTA
আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়ে দেব বলেছেন, ‘মাননীয় ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক আবেদন তাঁরা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। ওঁদের সমস্ত অভিযোগ আর উদ্বেগের কথা আপনারা মন দিয়ে শুনুন। যত তাড়াতাড়ি সম্ভব এর সঠিক সমাধান করুন।’
অন্যদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেব বললেন, ‘ সবাইকে আমি বলবো পারস্পারিক শ্রদ্ধা, শান্তিএবং সংযম বজায় রেখে চলতে। এই তরুণ প্রজন্ম আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। তাই আপনারা সবাই আসুন যুবসমাজের পাশে দাঁড়াই। বিভাজন নয়, অর্থবহ আলোচনা এবং ইতিবাচক পরিবর্তনের পথে আমাদের এগিয়ে যেতে হবে।’
















