বাংলা হান্ট ডেস্কঃ ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর ২০২০ সালের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে সরকারি জমির মাটি ও গাছ বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে হওয়া জোড়া মামলার তদন্তের নির্দেশ কোর্টের
ডায়মন্ড হারবার থানায় অভিজিৎ দাস ওরফে ববি নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীক ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের উপর পরিকল্পিত হামলা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, সেই হামলার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ ছিল। ববির অভিযোগপত্রে অভিষেক ছাড়াও জাহাঙ্গির খান, সুমিত রায়, গৌতম অধিকারী, শামিম আহমেদ-সহ মোট ৭৮ জনের নাম রয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনাটি স্রোতেরপোল এলাকায় ঘটেছিল। যদিও তিনি নিজে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না এবং ঘটনার প্রত্যক্ষদর্শীও নন। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছন বলে জানিয়েছেন তিনি।
অভিযোগকারীর দাবি, ঘটনার পর বিষ্ণুপুর থানাকে বিষয়টি জানানো হলেও তখন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নতুন করে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের একটি কপি পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে আরও একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। নদিয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় সরকারি ও ভেস্টেড জমির মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারী বাপন ঘোষের অভিযোগ, ২০১৬ সাল থেকে প্রায় ৩৩ হাজার বিঘা সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি সেই সব জমিতে থাকা বহু মূল্যবান গাছও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, এই পুরো ঘটনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা ও মদত ছিল। এই মামলায় অভিষেক (Abhishek Banerjee) ছাড়াও কালীগঞ্জের বর্তমান তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ এবং প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ-সহ মোট ৩০ জনের নাম রয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন ও বন দফতরের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অভিযোগকারীকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘আজানে বাধা নেই’, মসজিদের মাইক সরানোর অভিযোগে মামলা, রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ হাই কোর্টের
সব দিক খতিয়ে দেখার পর কৃষ্ণনগরের বিচারক তরুণ মণ্ডল পুলিশকে অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে হওয়া মামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আলিফা আহমেদের দাবি, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।













