বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়ার ঘন ঘন মুড সুইং। বৃষ্টির পালা কাটতে না কাটতেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সংলগ্ন একাধিক জেলায়। আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আপডেট। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আগের নিম্নচাপ সরেছে ঠিকই তবে, ফের একবার নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে ফের তুমুল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন টানা ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে ১৮ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

কলকাতা সহ এই সমস্ত জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই দুই জেলায় আগামীকালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াও। অতিভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: বিধবা ভাতা, পিএম কিষান সম্মান নিধি পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। তারপর থেকে বৃষ্টি কমতে পারে। বৃষ্টির পাশাপাশি এদিন একাধিক জেলায় ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া, কোথাও কোথাও ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল সমুদ্র। ঝোড়ো হাওয়ার বেগ রয়েছে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।













