বাংলা হান্ট ডেস্কঃ সরকারি নির্দেশ মেনে গত ১ আগস্ট থেকে গোটা দেশজুড়ে শুরু হয়েছে সেল্ফ এনুমারেশন অফ সেনসাসের (Self-Enumeration) কাজ। পরিসংখ্যানের নিরিখে এখনও পর্যন্ত এই ডিজিটাল জনগণনার (Digital Census) কাজে সারা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রবিবার রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের দেওয়া পরিসংখ্যানেই উঠে এসেছে রাজ্যের এমন অভুতপূর্ব সাফল্যের কাহিনী।
স্বাধীনতা দিবসের মধ্যে সেলফ এনুমারেশন করল ৫৩ লক্ষেরও বেশি
রাজ্য সরকারের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার অর্থ্যাৎ ১৫ অগস্ট পর্যন্ত মোট ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার এই ডিজিটাল স্ব-শুমারিতে নাম নথিভুক্ত করার কাজে অংশ নিয়েছেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৯ লক্ষ ৮৬ হাজারেরও বেশি পরিবার এই ডিজিটাল স্ব-শুমারির কাজ সম্পূর্ণ করেছেন। এছড়াও এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৭ হাজার ৫৭২টি পরিবারে স্ব-শুমারির কাজ চলছে। জাতীয় স্তরের এই জনগণনার ক্ষেত্রে রাজ্যের এই সাফল্যের জন্য গণমাধ্যমের গুরুত্বের কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, রাজ্য প্রশাসনের তরফে গণমাধ্যমে এই বিষয়ে প্রচার চালানোর কারণেও এই সাফল্য মিলেছে।
আরও পড়ুনঃ ‘মেসেজ পাঠিয়ে কী লিখেছিলেন আশিস?’ জানালেন মৃত্যুসংবাদে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই গত ১ অগস্ট এই স্ব-সুমারির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছিল। তার পরেই রাজ্যের ২৩টি জেলায় এই কাজ শুরু হয়। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের স্ব-সুমারির জনগণনায় অংশগ্রহণকারী সমস্ত জেলাগুলির মধ্যে মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলাই সবচেয়ে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য সরকারি নির্দেশ মেনে গত ১ আগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন শুধু অনলাইনে সেলফ এনুমারেশনের কাজ হয়েছে। এরপর ১৬ অগস্ট থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীদের মূল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া জাতীয় জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।













