স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কোন সরকারি প্রকল্পে বেশি সুবিধা জানুন

Published on:

Published on:

Swasthya Sathi vs Mukhyamantri Swasthya Bima Yojana which Government scheme has more benefits
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছিল। পালাবদলের পর রবিবার থেকে চালু হল আয়ুষ্মান ভারত যোজনা। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Swasthya Sathi vs Mukhyamantri Swasthya Bima Yojana) এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। এরপর থেকে অনেকের প্রশ্ন, স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, কোন সরকারি প্রকল্পে (Government Scheme) সুবিধা বেশি? এবার সেটাই জেনে নিন।

স্বাস্থ্যসাথী ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার খুঁটিনাটি | (Swasthya Sathi vs Mukhyamantri Swasthya Bima Yojana)

রবিবার রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার থেকে রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় ৮০ লক্ষ রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অধীন আনা হবে। তৃণমূল আমলের স্বাস্থ্যসাথীর থেকে বিজেপির জমানার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কতটা সুবিধাজনক সেটারও খতিয়ান দেন তিনি।

আরও পড়ুনঃ নভেম্বর অবধি স্বস্তিতে অভিষেক! সই জাল কাণ্ডে রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট

মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে ১৭০০ ধরণের রোগের চিকিৎসার সুযোগ পাওয়া যেত। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ১৯৫০ ধরণের রোগের চিকিৎসা করানো যাবে। পাশাপাশি স্বাস্থ্যসাথীর সুবিধা মূলত পশ্চিমবঙ্গেই পাওয়া যেত। একবার সিএমসি ভেলোরে এক বছরের জন্য চালু হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা সারা দেশের ৩৮,৬০৪টি হাসপাতালে পাওয়া যাবে।

এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে শুরুর দিকে হাঁটু প্রতিস্থাপনের সুযোগ থাকলেও পরবর্তীতে অনিয়মের অভিযোগ ওঠে। একটি পর্যায়ে তা বন্ধও হয়ে যায়। পরবর্তীতে শর্তসাপেক্ষে আবার চালু হয়েছিল। তবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, দুই প্রকল্পেই হাঁটু প্রতিস্থাপনের সুযোগ মিলবে বলে জানিয়েছেন শুভেন্দু।

Swasthya Sathi vs Mukhyamantri Swasthya Bima Yojana

এদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আগেই জানিয়েছেন, আগামী প্রায় দু-তিন মাস স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা ও আয়ুষ্মান ভারত যোজনা একসঙ্গে চলবে। এরপর সবদিক খতিয়ে দেখে আস্তে আস্তে স্বাস্থ্যসাথী তুলে দেওয়া হবে।

স্বাস্থ্যসাথী ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ-সুবিধা জানার পর অনেকেরই দাবি, রাজ্য সরকারের নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যাবে। তালিকাভুক্ত হাসপাতালের সংখ্যা থেকে শুরু করে রোগের কভারেজ, সবকিছুই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় বেশি।