বাংলা হান্ট ডেস্কঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) একাধিক স্কুলে জল দাঁড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়ার দিকে নজর রেখে, এই জেলার সব স্কুলে ছুটি (School Holiday) ঘোষণা করা হল। দু’দিনের জন্য এই ছুটি দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের সব স্কুলে দু’দিনের ছুটি ঘোষণা | (School Holiday)
সাগরে নয়া নিম্নচাপ ফুঁসছে। এর জেরে রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার অবধি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এই পরিস্থিতিতে ১৭ অগাস্ট ও ১৮ অগাস্ট পূর্ব মেদিনীপুরের সব স্কুলে ছুটি ঘোষণা করা হল।
আরও পড়ুনঃ ডেডলাইন শেষ! এলপিজি ই-কেওয়াইসি যারা করেননি, তাঁদের কী হবে জানুন
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে এই দু’দিন সব স্কুলে ছুটি ঘোষিত হয়েছে। জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসএসকে, এমএসকে ও জুনিয়র স্কুল বন্ধ থাকবে। জেলা স্কুল প্রশাসনের এক কর্তার দাবি, স্কুল পড়ুয়া ও শিক্ষক, শিক্ষিকাদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ ও আগামীকাল পূর্ব মেদিনীপুরের সব স্কুলে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের অনুমান, এই দু’দিনেও পরিস্থিতির উন্নতি হবে না। আবহাওয়ার দিকে নজর রেখে পশ্চিম মেদিনীপুরের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। এরপর জেলা স্কুল প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির কারণে আজ পূর্ব মেদিনীপুরের বহু স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। অনেক পড়ুয়া স্কুলে পৌঁছতে পারেনি। অনেক স্কুলে আবার পড়ুয়ারা এলেও ভিতরে জল জমে থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি।

এই পরিস্থিতিতে আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রেখে জেলার সব স্কুলে দু’দিনের পূর্ণদিবস ছুটির ঘোষণা করা হল। এই দু’দিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর অবধি সব বিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের জেরে আগামী দু’দিন মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে বলে খবর।













