বাংলা হান্ট ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সোমবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মামলার শুনানি শেষ হয়। তবে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Suvra Ghosh)। বুধবার সেই মামলা থেকে অব্যাহতি নিলেন তিনি। এই সিদ্ধান্তের কারণও জানিয়েছেন বিচারপতি ঘোষ।
সুজিত বসুর জামিন মামলা ছাড়লেন বিচারপতি | (Sujit Bose)
বিচারপতি ঘোষ জানান, মঙ্গলবার সুজিতের কোনও একজন আইনজীবী তাঁর চেম্বারে গিয়েছিলেন। সেই সময় তিনি সেখানে ছিলেন না। বিচারপতির দাবি, তাঁর ব্যক্তিগত সচিবকে ফাইল নিয়ে আসতে বলেছিলেন সুজিতের আইনজীবী।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই কি মিলবে স্বাস্থ্যবিমার কার্ড? মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় নাম তোলার নিয়ম জানুন
বিচারপতি ঘোষ বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা।“ ইতিমধ্যেই এই বিষয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে জানিয়েছেন। এরপরেই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান তিনি।
এদিকে নিয়ম অনুসারে বর্তমানে সুজিতের জামিন মামলা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে রয়েছে। এবার তিনি অথবা পরবর্তী প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলার শুনানি কোন এজলাসে হবে।
সুজিতের জামিন মামলার শেষ শুনানিতে জোরালো সওয়াল করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর মক্কেলকে এখনও জেলবন্দি করে রাখা অনৈতিক। ইডি এই গ্রেফতারি যুক্তিসঙ্গত বলে দাবি করতে পারে না।
সুজিতের আইনজীবীর আরও সওয়াল, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজিতকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। তবে ২০২৪-২৫ সালে এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটে সুজিতের নামই ছিল না।

অভিষেক মনু সিংভি বলেন, সুজিত কলকাতায় থাকেন। তদন্তের স্বার্থে তাঁকে যখন খুশি ডেকে নেওয়া যায়। তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করতেও রাজি।
সোমবার সুজিতের জামিন মামলার শুনানি শেষ হলেও রায়দান করেনি কলকাতা হাইকোর্ট। রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে গতকালের ঘটনার জন্য এই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি।













