শচীনের ক্লাবে ঢুকলেন দেবদত্ত পাডিক্কল! পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কারও

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে এইমুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছেন দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন তিনিই। ২ ম্যাচে ২ শতরান করে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) ভারতীয় দলের সিরিজ জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সাই সুদর্শনের চোটের কারণে আচমকাই দলে সুযোগ পাওয়া দেবদত্ত এখন প্রবেশ করেছেন শচীন টেন্ডুলকারদের (Sachin Tendulkar) ক্লাবে।

শ্রীলঙ্কার মাটিতে একটি নির্দিষ্ট টেস্ট সিরিজে সর্বাধিক রানসংগ্রাহকারী ভারতীয়দের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। পাঠকদের সুবিধার্থে তালিকাটি তুলে ধরা হলো সকলের সামনে….

১. শচীন টেন্ডুলকার: ৩৯০ রান (২০১০ সাল)
২. শিখর ধাওয়ান: ৩৫৮ রান (২০১৭ সাল)
৩. বীরেন্দ্র সেওবাগ: ৩৪৮ রান (২০১০ সাল)
৪. বীরেন্দ্র সেওবাগ: ৩৪৪ রান (২০০৮ সাল)
৫. দেবদত্ত পাডিক্কল: ৩২৮ রান (২০২৬ সাল)

এখানে মাথায় রাখার মতো বিষয় হলো যে কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাঠে নামার সুযোগই পায়নি ভারত। সেক্ষেত্রে হয়তো শচীনকে টপকে যাওয়ার সুযোগও চলে আসতো দেবদত্তর সামনে।

এই অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজের সেরার পুরস্কারও পেয়েছেন দেবদত্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৬৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে বড় লিড এনে দিয়েছিলেন। তারপর দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতিতে ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তারপর দ্বিতীয় টেস্টে ফের একবার প্রথম ইনিংসে শতরান করে দলকে বড় লিড পেতে সাহায্য করেন তিনি।

আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড

শ্রীলঙ্কার মাটিতে জোড়া শতরান সহ ১০৯.৩৩ গড়ে ব্যাটিং করে তিনি টেস্ট ক্রমতালিকায় ফের প্রবেশ করেছেন। মাত্র ৪টি ম্যাচ খেলে তিনি উঠে এসেছেন ক্রমতালিকার ৫৯ তম স্থানে। তিনি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তা বজায় থাকলে খুব দ্রুতই প্রথম দশে উঠে আসবেন তিনি। সামনে রয়েছে নিউজিল্যান্ড সফর ও ঘরের মাটিতে অজিদের বিরুদ্ধে সিরিজ। সেই দুটি সিরিজে তিন নম্বর ব্যাটিং পজিশনে তার আসল পরীক্ষা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।