বাংলা হান্ট ডেস্কঃ দুর্গোৎসবের আগে বাংলায় গণতন্ত্রের উৎসব। অক্টোবর মাসে রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Assembly Bye Election) হবে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে ভোট। ফল প্রকাশ কবে সেটাও জানানো হয়েছে।
উপনির্বাচনের ফলপ্রকাশ কবে? | (Assembly Bye Election)
এদিন দিল্লির নির্বাচন সদন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম, রেজিনগর, তামিলনাড়ুর মাদুরানটাকম, ধারাপুরম ও পুদুচেরির থাট্টানচাভাড়ি কেন্দ্রে ভোট হবে। ওই একইদিনে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও নির্বাচন হবে। ফল প্রকাশ হবে দু’দিন পর তথা আগামী ৯ অক্টোবর।
আরও পড়ুনঃ সরকারি ভাতা বন্ধ, হতে পারে জেল! বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের দু’জন বিধায়ক দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী হন এবং বিধায়ক হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা কেন্দ্রে বাজিমাত করেন।
পরবর্তীতে নন্দীগ্রাম কেন্দ্র ছেড়ে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রেজিনগর আসনটি ছেড়ে দেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন। আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রেই ভোট হবে।

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও অসমের কেন্দ্রগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য আগামী ১৬ সেপ্টেম্বর অবধি সময় রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল আগামী ১৯ সেপ্টেম্বর। তবে আগামী ৬ অক্টোবর অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও বাংলার বসিরহাট লোকসভা কেন্দ্রের উপভোটের কোনও ঘোষণা হয়নি। সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে ওই কেন্দ্র ফাঁকা রয়েছে।
এদিকে নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এই দুই কেন্দ্রে কোন দলের তরফে কে দাঁড়াবেন সেই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি, তৃণমূল সহ কোন দলের তরফে কাদের টিকিট দেওয়া হয় সেদিকে নজর সকলের।













