বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত মাস অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে GST সংগ্রহের (GST Collections) পরিসংখ্যান সামনে এসেছে। যেটি থেকে স্পষ্ট হয়েছে যে, উৎসবের মরসুমের আগেই সরকারি কর সংগ্রহ বেশ ইতিবাচক ছিল। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে (September 2026) মোট পণ্য ও পরিষেবা কর তথা GST (Goods and Services Tax) সংগ্রহ হয়েছে ২,০৩,৫২১ কোটি টাকা। এই পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ১৪.৭ শতাংশ বেশি। এদিকে, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) মোট GST সংগ্রহের পরিমাণ হল ১২,৪৬,২৭৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১১.৬ শতাংশ বেশি রেকর্ড।
সেপ্টেম্বরে GST সংগ্রহে (GST Collections) ১৪.৭ শতাংশের বৃদ্ধি:
কী জানা গিয়েছে: জানিয়ে রাখি যে, সেপ্টেম্বরে মোট GST সংগ্রহ ১৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.০৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ কার্যক্রম থেকে জিএসটি আদায় ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১.৩৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, অন্যদিকে আমদানি থেকে রেভিনিউ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৫,৫২৫ কোটি টাকা হয়েছে। তথ্য অনুযায়ী, GST রিফান্ড ৩ শতাংশ কমে ২৭,০০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিফান্ড বাদ দিয়ে, গত বছরের একই মাসের ১.৪৯ লক্ষ কোটি টাকার তুলনায় সেপ্টেম্বরে মোট GST সংগ্রহ ১৮.১ শতাংশ বেড়ে ১.৭৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) মোট GST আদায়ে ১১.৬ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

এই রাজ্যগুলিতে সর্বোচ্চ সংগ্রহ: উল্লেখ্য যে, আমরা যদি গত সেপ্টেম্বরে রাজ্যভিত্তিক GST সংগ্রহের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে সেপ্টেম্বরে GST সংগ্রহের পরিমাণ ২৯,৯৮৬ কোটি টাকা। যা এক বছর আগের ২৫,৯৭৩ কোটি টাকার তুলনায় ১৫ শতাংশ বেশি।
আরও পড়ুন: কোচের সঙ্গে বিবাদের জের? পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছাড়লেন রোনাল্ডো, কী জানালেন অনুরাগীদের?
এরপরেই রয়েছে কর্ণাটক, যেখানে GST সংগ্রহ ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৩,৮৮৪ কোটি টাকায় পৌঁছেছে।হয়েছে। গুজরাটের GST সংগ্রহও ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২,২২২ কোটি টাকা হয়েছে। এদিকে, উত্তরপ্রদেশের GST সংগ্রহও সেপ্টেম্বরে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৮৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৭,৫১৬ কোটি টাকা।
আরও পড়ুন: হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান! ইউটিউবের মাধ্যমে ভারতের GDP-তে এল ১৮,০০০ কোটি
এছাড়াও, তেলেঙ্গানায় ১৮ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। যার ফলে মোট সংগ্রহ ৫,৩২৭ কোটি টাকায় পৌঁছেছে। একইভাবে, পাঞ্জাবের GST রেভিনিউ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৫৪৯ কোটি টাকায় পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে যথাক্রমে ৪৬ শতাংশ এবং ৩৯ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, আসামে GST সংগ্রহ ৮৮ শতাংশ ব্যাপক বৃদ্ধি পেয়ে তা ২,৪১৫ কোটি টাকায় পৌঁছেছে এবং মণিপুরে ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২ কোটি টাকায় দাঁড়িয়েছে।













