‘২০% ডিএ এককালীন দিয়েছে..,’ রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রতিশ্রুতি মতোই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে একধাক্কায় বেড়েছে ডিএ। জুন মাসে একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা। এবারে সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। এত পরিমাণ ডিএ বৃদ্ধি নিয়ে খুশি সরকারি কর্মচারীরা। এদিন নন্দীগ্রাম থেকে ডিএ বৃদ্ধি নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

ডিএ প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে | Dearness Allowance

শুক্রবার নন্দীগ্রামে প্রচারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ার এদিন প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ-র কথা। মুখ্যমন্ত্রী বলেন, “২০% ডিএ এককালীন দিয়েছে স্বাধীনতার পর কোনো সরকারের নাম কেউ বলতে পারবে না।”

জানিয়ে রাখি, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। দুর্গাপুজোর আগেই পকেট ফুলে-ফেঁপে উঠবে সরকারি কর্মীদের।

আরও পড়ুন: অন্নপূর্ণার ৩০০০ টাকা থেকে বাদ পড়বেন কারা? অক্টোবর থেকেই নতুন নিয়ম

সম্প্রতি অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অক্টোবরের বেতন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড এবং সাম্মানিকের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে ১৫ তারিখ। অর্থাৎ দুর্গাপুজোর কথা মাথায় রেখে অগ্রিম বেতন ও ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের। পেনশনও মিলবে অগ্রিম।