বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর পুজোর সময় কলকাতায় ব্যাপক যান নিয়ন্ত্রণ (Kolkata Traffic) শুরু হয়। এবারও অন্যথা হচ্ছে না। এই বছরও পুজোর সময় শহর কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আগামী ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর অবধি শহরের একাধিক রাস্তায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে।
পুজোর আবহে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ | (Kolkata Traffic)
পুজোর সময়কার বাড়তি ভিড় সামাল দিতে আগেভাগে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। আগামী ৮ তারিখ দুপুর থেকে ১৬ তারিখ ভোর অবধি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মূলত প্রতিমা পরিবহণকারী ও পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুনঃ পুজোর ছুটির আগেই DA নিয়ে মনিটরিং কমিটির বৈঠক? সরকারি কর্মচারীদের উদ্দেশে বড় বার্তা
এই নির্দিষ্ট সময়ে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে রবীন্দ্র সরণিমুখী গাড়িগুলিকে রাজা নবকৃষ্ণ স্ট্রিট, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে বেরনোর সময় বাগবাজার স্ট্রিট, মদনমোহনতলা ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড ব্যবহার করতে হবে।
এই নির্দিষ্ট সময়ে প্রতিমা বহনকারী গাড়িগুলি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না। পণ্যবাহী গাড়িগুলিকে বিকল্প পথে চলাচল করতে হবে। তাঁদের স্ট্র্যান্ড রোড, বি কে পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট, গিরিশ অ্যাভিনিউ ও যতীন্দ্রমোহন অ্যাভিনিউ দিয়ে যেতে হবে।
এছাড়া প্রতিমা বহনকারী গাড়িগুলির যাতে যাতায়াত করতে কোনও সমস্যা না হয়, সেই জন্য শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মাঝের স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে পার্কিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আগামী ১৩ অক্টোবর থেকে কলকাতার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হবে।
একাধিক রাস্তায় নির্দিষ্ট সময়ে পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। পাশাপাশি পুজোর দিনগুলিতে শহরে যানজট কমাতে বহু রাস্তায় পার্কিংয়ের উপরেও নিষেধাজ্ঞা থাকছে।

মহালয়ার দিন ভোর থেকে রাত অবধিও বেশ কিছু এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। স্ট্র্যান্ড রোড ও গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। প্রতিমা বিসর্জনের সময়েও ট্রাফিক নিয়ে কড়াকড়ি করা হয়েছে। বিজয়া দশমীর পর থেকে লক্ষ্মীপুজোর আগে অবধি ঘাটমুখী বিভিন্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে, পরিস্থিতির খাতিরে পুজোর সময় কলকাতার যে কোনও রাস্তায় সাময়িক যান নিয়ন্ত্রণ করা হতে পারে। ফলে কোন রাস্তায় কেমন ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটা বাড়ি থেকে বেরনোর আগে একবার দেখে নেওয়া উচিত।













