বাংলা হান্ট ডেস্ক : বিগ বস বাংলার (Bigg Boss) বাড়িতে কি এবার এমন কিছু ঘটতে চলেছে, যা বদলে দেবে গোটা খেলার সমীকরণ? রবিবারের এপিসোড শেষ হতেই সোমবারের পর্বের টিজার সামনে এসেছে। আর তাতেই দর্শকদের মনে দানা বেঁধেছে একাধিক প্রশ্ন। প্রতিযোগীদের আবেগঘন মুহূর্ত, জীতু কামাল ও দুর্নিবারের আলিঙ্গন, সঙ্গে বিগ বসের রহস্যময় ঘোষণা—সব মিলিয়ে শো ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে কি কাউকে মাঝপথেই বাড়ি ছাড়তে হবে, নাকি রয়েছে আরও বড় কোনও চমক?
কি হতে চলেছে আজ বিগ বস (Bigg Boss) বাংলার বাড়িতে ?
প্রোমোয় বিগ বসের কণ্ঠে শোনা যায়, “জীবনের প্রতিটি অধ্যায় যে, আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…” এই বার্তার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, ঠিক কোন সিদ্ধান্তের কথা বলতে চাইছেন বিগ বস? কোনও প্রতিযোগীর বিদায়, নাকি অন্য কোনও কারণে বদলে যেতে চলেছে বাড়ির পরিস্থিতি?
প্রোমোর দৃশ্য অনুযায়ী, তার আগে কনফেশন রুমে ডেকে পাঠানো হয়েছিল ভরত কল ও জীতু কামালকে। সেখান থেকে ফিরে জীতু বাড়ির বাকি সদস্যদের ড্রয়িং রুমে জড়ো করেন। এরপরই সামনে আসে আবেগঘন ছবি। একাধিক প্রতিযোগীর চোখে জল দেখা যায়। সবচেয়ে বেশি নজর কেড়েছে জীতু ও দুর্নিবারের আচরণ। যাঁদের সম্পর্ক নিয়ে বাড়ির ভিতরে একাধিকবার টানাপোড়েন দেখা গিয়েছে, সেই দুজনকেই এ বার একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। দুর্নিবারের কান্না দেখে অনেকেই মনে করছেন, এর পিছনে বিশেষ কোনও কারণ রয়েছে।
এই দৃশ্য সামনে আসতেই মিড উইক এলিমিনেশনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের অনুমান, ঝিলমকে ঘিরেই হয়তো কোনও বড় সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে। প্রোমোয় বিগ বসের বক্তব্যে তাঁর নাম শোনা গিয়েছে বলেও অনেকে দাবি করছেন। তবে শুধুই এলিমিনেশন নয়, অন্য কোনও কারণেও কোনও সদস্যকে বাড়ি ছাড়তে হতে পারে। শারীরিক অসুস্থতা কিংবা বাড়ির বাইরের বিশেষ পরিস্থিতির কারণে সাময়িক বিরতি অথবা স্থায়ী বিদায়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও বিষয় নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, আরেকটি সম্ভাবনা ঘিরেও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। কাউকে সরাসরি শো থেকে বাদ না দিয়ে সিক্রেট রুমে পাঠানো হতে পারে কি? হিন্দি বিগ বসে আগে এমন কৌশল দেখা গিয়েছে, যেখানে আড়ালে থাকা প্রতিযোগী বাড়ির ভিতরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। ফলে পরে ফিরে এসে খেলার গতিপথও পাল্টে দিতে পারেন তিনি। এই সম্ভাবনায় জীতু কামাল ও ভরত কলের নাম উঠে আসছে। কারও ধারণা, দুজনকেই এই কৌশলের অংশ করা হতে পারে। আবার অনেকের মতে, জীতুকে ঘিরেই রয়েছে বিশেষ পরিকল্পনা। দুর্নিবারের আবেগপ্রবণ প্রতিক্রিয়া সেই জল্পনাকে আরও জোরালো করেছে। তবে প্রোমোর কয়েকটি দৃশ্য দেখে এই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই।

আরও পড়ুন : সপ্তমীর রাতে বাড়িতেই বানিয়ে নিন ডিম বিরিয়ানি, লাগবে মাত্র কয়েক মিনিট
এরই মধ্যে সামনে এসেছে আরও একটি অনুমান। পুরো ঘটনাটাই কি আসলে বিগ বসের পরিকল্পিত কোনও টাস্ক? ভরত কল ও জীতু কামাল কি অন্য সদস্যদের প্রতিক্রিয়া যাচাই করতে কোনও বিশেষ পরিস্থিতি তৈরি করছেন? চলতি সপ্তাহে ক্যাপ্টেন্সির জন্য মনোনীত হয়েছেন জীতু। তাই এই ঘটনার সঙ্গে ক্যাপ্টেন্সির লড়াইয়ের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।














