বাংলা হান্ট ডেস্কঃ ফিরিয়ে দিতে হবে ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া ফিস (Refund Semester Fees)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধীনস্থ ল কলেজগুলিকে (Law College) সতর্ক করে দিয়ে এদিন জানানো হয়েছে পাঁচ বছরের এই ল কোর্সে ভর্তির সময় যদি কোন সেমিস্টার ফিস নেওয়া হয়ে থাকে তাহলে তা দ্রুত ফিরিয়ে দিতে হবে।
কোর্স ফি ফেরাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলি!
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ল কলেজগুলোকে সতর্ক করে বলা হয়েছে যে, পাঁচ বছর মেয়াদী এই প্রোগ্রামে ভর্তির সময় যদি কোনো সেমিস্টার ফি নেওয়া হয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে।
এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের প্রদত্ত অতিরিক্ত ফি ফেরত পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে, কারণ ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।
আরও পড়ুনঃ ফের নষ্ট হওয়া পনির, ষষ্ঠীর রাতে পার্ক স্ট্রিটের রেস্তোরায় হানা দিতেই অবাক ফুড সেফটি অফিসার
জানা যাচ্ছে, পাঁচ বছরের এই ল কোর্সে îভর্তি সংক্রান্ত বিষয়ে ১২ই অক্টোবর উপাচার্য আশুতোষ ঘোষের সভাপতিত্বে একটি বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকের পরেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজের ফি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক এবং আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রথম সেমিস্টারের ফি প্রদান করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোনো আবেদনকারী যদি ইতিমধ্যে ফি প্রদান করে থাকেন, তবে প্রথম সেমিস্টারের সম্পূর্ণ ফি ফেরত পাওয়ার জন্য অনুগ্রহ করে অবিলম্বে নিজের কলেজের সাথে যোগাযোগ করুন।” এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই যেন তারা প্রথম সেমিস্টারের ফি প্রদান করে।
অন্যদিকে আইন আহ্বায়ক অমিত রায় বলেছেন, ‘ছাত্রছাত্রীদের আর্থিক বোঝা কমাতে আমরা গত বছর থেকে ভর্তি ফি এবং সেমিস্টার ফি আলাদা করেছি। কিন্তু আমরা একাধিক অভিযোগ পেয়েছি যে, বেশ কিছু কলেজ অ্যাডমিশন ফি নেওয়ার সঙ্গে প্রথম সেমিস্টারের ফি যুক্ত করে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা তারা করতে পারে না। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়া ওই কলেজগুলোকে সিইউ-এর নিয়মকানুন মেনে চলতে বলা হয়েছে।’














