বাংলা হান্ট ডেস্কঃ দলীয় শৃঙ্খলাভঙ্গ বা দলবিরোধী কাজের অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়ার হবে বলে একাধিকবার জানিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই অভিযোগ উঠতেই একসঙ্গে তিনজন নেতাকে বহিষ্কার করল আলিপুরদুয়ার জেলা বিজেপি (Alipurduar District BJP) নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন।
কোন তিন বিজেপি নেতাকে বহিষ্কার করা হল? | (BJP)
সম্প্রতি কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় বিজেপি নেতাদেরই নাম জড়ায়। অভিযোগ ওঠে, দলের অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এরপরেই অভিযুক্তদের চিহ্নিত করে সোজা বহিষ্কার করার সিদ্ধান্ত নিল জেলা বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ পুজোর মাঝেই বিষাদের সুর! বিজয়া সম্মেলনী নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
দলের এই কঠোর পদক্ষেপের কথা জানিয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জেলার অন্যতম সম্পাদক সুনীল মাহাতো, কুমারগ্রাম ২ নম্বর অঞ্চলের কনভেনার দিলীপ পাণ্ডে ও কুমারগ্রাম ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবেশ বর্মনকে বহিষ্কার করা হচ্ছে। দলীয় স্তরে কোনও রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না তা স্পষ্ট করে দেন মিঠু।
পাশাপাশি দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আরও দু’জনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন, জেলা এক্সিকিউটিভ সদস্য রতন রায় ও কালচিনি ১ নম্বর মণ্ডলের সভাপতি রাজেশ ছেত্রী।

এদিকে আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের এই পদক্ষেপ নিয়ে জোর চর্চা হলেও এই বিষয়ে বহিষ্কৃত নেতাদের বক্তব্য ও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে জেলা বিজেপির এই কঠোর পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
রাজ্যে পালাবদলের পর শমীক বহুবার বলেছেন, দলের নাম ভাঙিয়ে কোনও রকম বিশৃঙ্খলা, ঔদ্ধত্য বা গা-জোয়ারি চলবে না। অভিযোগ পেলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার সেই মতোই কঠোর পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব।














