বাংলা হান্ট ডেস্কঃ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Account) অনেকের থাকে। তবে সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স কত রাখতে হয় সেটা বহু গ্রাহক জানেন না। ফলে অনেক সময় তাঁদের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হয়। সেই সমস্যা এড়াতে পোস্ট অফিস (Post Office) সেভিংস অ্যাকাউন্টে কত টাকা নূন্যতম ব্যালেন্স রাখতে হয় তা জেনে রাখা উচিত।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স কত? | (Post Office Savings Account)
ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় অন্তত ৫০০ টাকা জমা করতে হয়। অ্যাকাউন্ট খোলার পরেও তাতে নূন্যতম ৫০০ টাকা ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। ফলে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অ্যাকাউন্ট থেকে এমন পরিমাণ টাকা তুলতে পারেন না, যাতে ব্যালেন্স ৫০০ টাকার কম হয়ে যায়।
আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ডের e-KYC করার সহজ উপায়! বাড়ি বসে কীভাবে করবেন জানুন
পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি অর্থবর্ষের শেষ অবধি সেভিংস অ্যাকাউন্টে ৫০০ টাকার ব্যালেন্স বজায় না রাখেন, তাহলে অ্যাকাউন্ট থেকে রক্ষণাবেক্ষণ ফি হিসেবে ৫০ টাকা কেটে নেওয়া হবে। এরপর অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে গেলে ওই অ্যাকাউন্টটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। ফলে অর্থবর্ষ শেষ হওয়ার আগে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের নিজেদের অ্যাকাউন্টে নূন্যতম ৫০০ টাকা ব্যালেন্স বজায় রাখা উচিত।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারেন?
ইন্ডিয়া পোস্টের নিয়ম অনুযায়ী, যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।

অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাঁদের অভিভাবকরা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিজের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে পারে।
নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পোস্ট অফিস অত্যন্ত ভালো একটি বিকল্প। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। তবে অ্যাকাউন্ট সচল রাখতে ও বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে অ্যাকাউন্ট হোল্ডারদের সবসময় নূন্যতম ব্যালেন্স বজায় রাখা উচিত।














